
Sharia Law and Rape
কেন শরীয়া আইন ধর্ষণের মতো অপরাধ কমাতে পারে না
বাংলাদেশে যখনই কোনো চাঞ্চল্যকর খুন, ধর্ষণ বা দুর্নীতির ঘটনা ঘটে, তখন একদল হুজুর ও ইসলামপন্থী নেতা দাবি তোলেন — শরীয়া আইন চালু হলে সব ঠিক হয়ে যাবে। আবার একই সময়ে ২০২৬ সালে নেত্রকোণার মাদান উপজেলায় একটি কওমি মাদ্রাসায় শিক্ষক আমান উল্লাহ মাত্র ১১ বছরের একটি কন্যাশিশুকে ধর্ষণ করে গর্ভবতী করেছে — এই ভয়াবহ ঘটনার পর কিছু হুজুর ভিকটিমের প্রতি সহানুভূতির পরিবর্তে উল্টো প্রশ্ন তুলেছেন, ‘১১ বছরে গর্ভধারণ করতে পারলে বিয়ের বয়স ১৮ রাখার কী যুক্তি আছে?’ অর্থাৎ তারা ধর্ষণের বিচারের জন্য শরীয়া চায়, আবার শরীয়ার আশ্রয়ে ধর্ষণের বৈধতাও চায়! শরীয়ার এই শিশু ধর্ষণের বৈধতার প্রশ্নটি শুধু নৈতিকভাবেই জঘন্য নয়, চিকিৎসাবিজ্ঞান, অপরাধবিজ্ঞান ও আন্তর্জাতিক মানবাধিকারের দৃষ্টিতেও সম্পূর্ণ ভ্রান্ত। যে শরীয়া নিজেই ধর্ষণের পৃষ্ঠপোষক, তা কিভাবে ধর্ষনের বিচারে কাজ করবে? বিষয়টা কি যৌক্তিক?
শরীয়া ভিত্তিক বিচার দাবীর পাশাপাশি আহমাদুল্লাহ সাহেব ধর্ষণের জন্য দায়ী করেছেন ইসলামহীনতা, নৈতিকতার অবক্ষয়, বিকৃত রুচি, অবাধ যৌনতা এবং অপরাধের যথাযথ বিচারে অভাব। যাক, উনি নারীর পোশাকের দোষ দেননি এবার! এখানে বিচারহীনতা ছাড়া অন্যগুলো ধর্ষণের কারন হিসাবে প্রমানিত নয়, ইসলামহীনতা কিভাবে অপরাধের কারন হয়? যেখানে ইসলাম নেই সেখানে কি ধর্ষণের উৎসব চলে? অন্য অনেক হুজুর যেমন আবু ত্বহা আদনান পুরুষ অভিভাবক ছাড়া চলার কারনে নারী ধর্ষিত হলে সেক্ষেত্রে উক্ত নারীকেই ধর্ষণের দায় দিয়েছেন।

ধর্ষণ কেন হয়? অপরাধবিজ্ঞানের ব্যাখ্যা
অনেকে মনে করেন ধর্ষণ হয় যৌন উত্তেজনা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। এটি একটি মারাত্মক ভুল ধারণা। দশকের পর দশকের অপরাধ গবেষণা প্রমাণ করেছে যে ধর্ষণ মূলত একটি ক্ষমতা প্রদর্শন, নিয়ন্ত্রণ ও আধিপত্যের অপরাধ — যৌন তৃষ্ণার ফল নয়। মার্কিন বিচার বিভাগের জন্য পরিচালিত এক যুগান্তকারী গবেষণায় (Connecticut Correctional Institute, ১৬ বছর ব্যাপী, ১,০০০ জন দণ্ডিত ধর্ষকের উপর) ধর্ষকদের তিনটি মূল শ্রেণিতে বিভক্ত করা হয়েছে:
ক) ক্ষমতা-প্রদর্শনকারী ধর্ষক (Power Rapist): সবচেয়ে সাধারণ। পূর্বপরিকল্পিতভাবে শিকারকে যৌন আধিপত্যে বাধ্য করে, যেখানে যৌনতা ব্যবহৃত হয় ক্ষমতার হাতিয়ার হিসেবে। এই ধরনের ধর্ষকের প্রধান চালিকাশক্তি হলো নিজের ‘পুরুষত্ব’ প্রমাণ করার নার্সিসিস্টিক তাগিদ।
খ) ক্রোধ-চালিত ধর্ষক (Anger Rapist): পূর্বপরিকল্পনা ছাড়া, তাৎক্ষণিক ক্রোধ থেকে অত্যন্ত নৃশংসভাবে আক্রমণ করে। শিকারকে কষ্ট দেওয়াটাই এখানে মূল উদ্দেশ্য।
গ) স্যাডিস্টিক ধর্ষক (Sadistic Rapist): সবচেয়ে বিপজ্জনক। যৌনতা ও নৃশংসতাকে একত্রিত করে চরম নিষ্ঠুরতায় আনন্দ খোঁজে।
গবেষকরা আরেকটি চতুর্থ শ্রেণি চিহ্নিত করেছেন — ‘যৌন সুযোগ-সন্ধানী’ (Opportunistic Rapist), যে অন্য কোনো অপরাধের সময় সুযোগ পেয়ে ধর্ষণ করে। Indiana State University-র অপরাধবিজ্ঞানী অধ্যাপক Shannon Barton-Bellessa এই শ্রেণির বিস্তারিত বিশ্লেষণ করেছেন।
Crime Victim Law Firm-এর গবেষণা সারসংক্ষেপ (২০২৫) অনুযায়ী, ধর্ষণের মনোবৈজ্ঞানিক কারণগুলো হলো:
(১) অধিকারবোধ ও নার্সিসিজম — ধর্ষক মনে করে যৌনতা তার অধিকার, শিকারের সম্মতির কোনো মূল্য নেই;
(২) নারীবিদ্বেষ ও লিঙ্গবৈষম্যমূলক মনোভাব — গবেষণায় দেখা গেছে যে পুরুষতান্ত্রিক মূল্যবোধ বা নারীকে বস্তু হিসেবে দেখার মনোভাব যৌন সহিংসতার সাথে শক্তিশালীভাবে সম্পর্কিত;
(৩) সহানুভূতির অভাব — অনেক ধর্ষক শিকারের যন্ত্রণা উপলব্ধি করতে পারে না বা পারলেও পরোয়া করে না।
NIH-প্রকাশিত গবেষণাপত্র ‘Mental Health Assessment of Rape Offenders’ (PMC3777344)-এ স্পষ্ট বলা হয়েছে: অধিকাংশ ধর্ষক মানসিকভাবে অসুস্থ নয়। তারা মনোরোগের কারণে নয়, বরং সচেতনভাবে ক্ষমতার অপব্যবহার করে ধর্ষণ করে। এটি সম্পূর্ণ একটি পছন্দের অপরাধ।

ধর্ষকেরা কেন নৃশংসতা বেছে নেন?
ধর্ষণের সাথে নৃশংসতার সম্পর্ক বহুমাত্রিক। Stanford Law School-এর গবেষণাপত্র ‘Rape as Torture’ (Teo, 2016)-এ বিশ্লেষণ করা হয়েছে যে নৃশংসতার উদ্দেশ্য শুধু শারীরিক ক্ষতি নয়, বরং শিকারের মর্যাদা ও মনোশক্তি ধ্বংস করা। বিশেষত ক্রোধ-চালিত ধর্ষকের ক্ষেত্রে নারীদের প্রতি দীর্ঘ-সঞ্চিত ঘৃণা ও অবমাননার বিস্ফোরণ হিসেবে নৃশংসতা প্রকাশ পায়।
গুরুত্বপূর্ণ বিষয় হলো — সাংস্কৃতিক পরিবেশ যেখানে নারীকে দ্বিতীয় শ্রেণির মানুষ, অর্ধেক সাক্ষী, পর্দার আড়ালে রাখার ‘সম্পত্তি’ হিসেবে উপস্থাপন করা হয়, সেখানে এই নৃশংসতা আরো বেশি স্বাভাবিক মনে হয় ধর্ষকের কাছে। গবেষণায় দেখা গেছে (Malamuth & Check, 1985) যে ‘ধর্ষণ-সমর্থনকারী মনোভাব’ (Rape Myths) ও নারীর প্রতি সংস্কৃতিগত অবমাননা যৌন সহিংসতার হার বৃদ্ধি করে। ধর্মীয় আইনে নারীর সাক্ষ্য পুরুষের অর্ধেক, একা বাইরে যেতে পারবে না, স্বামীর যৌনচাহিদা মেটাতে বাধ্য — এই বিধানগুলো নারীর মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করে এবং পরোক্ষভাবে যৌন সহিংসতার সংস্কৃতিকে লালন করে।
বাংলাদেশের মাদ্রাসা প্রেক্ষাপটে আরেকটি বিষয় লক্ষণীয়। AFP-র তদন্তমূলক প্রতিবেদনে (Prothom Alo/Gulf News, ২০১৯) মাদ্রাসার সাবেক ছাত্ররা জানিয়েছেন, অনেক শিক্ষক মনে করেন শিশুদের সাথে যৌনতা প্রাপ্তবয়স্কদের মধ্যে ‘পরকীয়া’-র চেয়ে ছোট অপরাধ। এই মানসিকতাই শিশু ধর্ষণের উর্বর ক্ষেত্র তৈরি করে — আর এই মানসিকতার শিকড় ইসলামের শিশু বিবাহের বৈধতায়।
শরীয়া আইনে ধর্ষণের সংজ্ঞা ও বিচারের কাঠামো
শরীয়া আইনে ধর্ষণের জন্য কোনো স্বতন্ত্র আইনি কাঠামো নেই। কোরআন বা হাদিসে সরাসরি ধর্ষণকে পৃথক অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়নি। ইসলামী আইনজ্ঞরা ধর্ষণকে জিনা (বিবাহবহির্ভূত যৌনসম্পর্ক)-র ফ্রেমে বিচার করেন। কিন্তু লক্ষণীয়, আধুনিক আইনে দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তির পারস্পরিক সম্মতিতে যৌনসম্পর্ককে কোনো দেশই অপরাধ গণ্য করে না — কিন্তু শরীয়া আইনে সেটি মৃত্যুদণ্ডযোগ্য। আর সম্মতিহীন ধর্ষণের ক্ষেত্রে বিচার পাওয়ার পথ থাকলেও সেটা প্রায় অসম্ভব।
জিনা প্রমাণের জন্য শরীয়া আইনে দুটি পথ: হয় অভিযুক্তের স্বেচ্ছায় স্বীকারোক্তি, অথবা চারজন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী যারা সরাসরি যৌনমিলনের দৃশ্য দেখেছেন (সূরা নূর ২৪:৪)। নারীর সাক্ষ্য চার মাযহাবের সর্বসম্মত মতে গ্রহণযোগ্য নয়। ধর্ষণকারী প্রকাশ্যে ধর্ষণ করে না — তাই চার সাক্ষী পাওয়া বাস্তবে অসম্ভব। আর স্বীকারোক্তি কোনো ধর্ষকই স্বেচ্ছায় দেবে না।
দুইটা হাসান হাদিস অনুসারে নবী মুহাম্মদ যে দুইটা জোরপূর্বক জিনার বিচার করেছিলেন সেখানে একটায় ধর্ষক নিজেই দায় স্বীকার করেছিল, অন্যটায় চারজন সাক্ষী নিজেরাই বিচার চেয়েছিল। নবী মুহাম্মদ চেয়েছিল ধর্ষক অস্বীকার গিয়ে মুক্তি পাক। উনি ধর্ষিতা নারীকে বলেছিলেন আল্লাহ তার জিনার পাপ ক্ষমা করবেন, ধর্ষণের শিকার হওয়ার পরেও তার পাপ কী ছিল সেটা একটা প্রশ্ন।
ধর্ষিতাই হয়ে ওঠে অভিযুক্ত: শরীয়ার কাঠামোগত নৃশংসতা
শরীয়া আইনের ভয়াবহতম দিক হলো — সাক্ষী না পেলে ধর্ষিতার বিরুদ্ধেই জিনার অভিযোগ আনা হতে পারে। বিবাহিত হলে পাথর নিক্ষেপে হত্যা, অবিবাহিত হলে ১০০ বেত্রাঘাত। পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমির মুনাওয়ার হাসান প্রকাশ্যে বলেছিলেন — চার পুরুষ সাক্ষী না পেলে ধর্ষিতার চুপ থাকা উচিত।

সুদানের অভিজ্ঞতা আরো ভয়ঙ্কর। আন্তর্জাতিক চাপে আইন পরিবর্তনের আগে গণধর্ষণের শিকার এক ইথিওপীয় নারীকে উল্টো ‘অশ্লীল আচরণ’-এর দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সুদানি আইনজীবী হিকমা আহমেদ জানিয়েছেন, ধর্ষণের অভিযোগ প্রায়ই ব্যভিচারের স্বীকারোক্তি হিসেবে বিবেচিত হতো।
ইরানের ১৬ বছর বয়সী কিশোরী আতেফেহ সাহালেকে জিনার দায়ে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করা হয়েছিল। তার অপরাধ ছিল সে প্রাপ্তবয়স্ক পুরুষের যৌন নির্যাতনের শিকার হয়েছিল। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় — শরীয়া আইনের কাঠামোগত পরিণতি।
শিশু বিবাহ ও যৌনদাসত্ব: শরীয়া আইন নিজেই ধর্ষণকে বৈধতা দেয়
আধুনিক আইনে সম্মতির বয়স না হওয়া পর্যন্ত শিশুর সাথে যে কোনো যৌন কার্যক্রম ধর্ষণ। কিন্তু শরীয়া আইনে শিশু বিবাহ বৈধ এবং বিবাহের পরে শিশুর সাথে যৌনমিলনও বৈধ। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদূদী তাঁর তাফসির গ্রন্থ ‘তাহফিমুল কোরআন’-এ স্পষ্টভাবে লিখেছেন — ঋতু হয়নি এমন কন্যাশিশুর সাথে নির্জনবাসও বৈধ।
নবী মুহাম্মদের ৬ বছর বয়সের শিশু আয়েশা ও তার ৯ বছর বয়সে যৌনতার উদাহরণ টেনে ইসলামী হুজুরেরা শিশু বিবাহের যৌক্তিকতা ব্যাখ্যা করেন। ইসলামে শিশুর বিয়ের জন্য নির্ধারিত বয়স বা কোন ক্রাইটেরিয়া নেই। তবে নবী মুহাম্মদের এই উদাহরণকে অনেকে দেখান বয়স হিসাবে। আগেই বলেছি প্রখ্যাত স্কলার মওদূদী কোরআনের ব্যাখ্যায় বলেছেন যাদের পিরিয়ড হয়নি তাদের সঙ্গে বিয়ে ও সহবাস দুইটায় বৈধ। ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেছেন ৯ বছর বয়সের চেয়ে ছোট শিশুদের বিয়ে করা যাবে, তবে ৯ বছর হলে যোনিপথে যৌনতা করতে পারবে, যেহেতু নবী মুহাম্মদ তাই করেছিলেন। এর আগে উক্ত শিশুর শরীরের অন্যান্য অঙ্গে স্পর্শ, আদর, অন্য অঙ্গের সাহায্যে যৌনতার ইচ্ছা পূরণ করা যাবে। তবে ৯ বছর বয়সের আগেই যোনিপথে সঙ্গম করলে সেটা অপরাধ হবে না, সেটা করাটা ঠিক নয়।

শরীয়া আইনে যৌনদাসীর সাথে যৌনমিলন বৈধ। দাসীর সম্মতি নেওয়ার প্রয়োজন নেই, কারণ সে কেনা সম্পদ। নবী মুহাম্মদের নিজের একাধিক যৌনদাসী ছিলেন। আইএস যখন ইয়াজিদী নারীদের বাজারে বেচাকেনা করেছিল, তারা ইসলামের এই বিধানকেই অনুসরণ করেছিল। কুয়েতে বিবিসি অনলাইন দাসী বাজারের সন্ধান পেয়েছিল। ইরাকে শিশু কন্যাদের সৌদি ধনীদের সাথে বিয়ে দেওয়ার সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।
চিকিৎসাবিজ্ঞানের প্রশ্ন: ১১ বছরে গর্ভধারণ মানেই বিয়ের বয়স কমানো যাবে?
নেত্রকোণার ঘটনায় ধর্ষিত ১১ বছর বয়সী শিশুর পরীক্ষাকারী চিকিৎসক ডা. সায়মা আক্তার স্পষ্টভাবে জানিয়েছেন — এই গর্ভাবস্থা শিশুর বয়স ও শারীরিক অবস্থার কারণে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি বহন করে। হুজুরদের ‘গর্ভধারণ করতে পারলে বিয়ে হতে পারে’ যুক্তিটি চিকিৎসাবিজ্ঞানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।
WHO-র গবেষণা (২০২৫) জানাচ্ছে: বিশ্বে ১৫-১৯ বছর বয়সী মেয়েদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ গর্ভাবস্থা ও প্রসব-জটিলতা। প্রতি বছর ২১ মিলিয়নেরও বেশি ১৫-১৯ বছর বয়সী মেয়ে গর্ভবতী হয় স্বল্প ও মধ্যম আয়ের দেশে। এর মধ্যে ৫০% অনিচ্ছাকৃত গর্ভাবস্থা। ১১ বছরের ক্ষেত্রে ঝুঁকি আরো কয়েকগুণ বেশি।
Harvard Medical School-এর গবেষণাপত্র ‘Child Marriage: A Silent Health and Human Rights Issue’ (PMC2672998) এবং Frontiers in Sociology-তে প্রকাশিত গবেষণা (২০২৪) একসাথে জানাচ্ছে শিশু বিবাহের মেডিক্যাল পরিণতি:
(১) Obstetric Fistula — ৬৫% ফিস্টুলা রোগী ১৮ বছরের কম বয়সী মেয়ে। এই জটিলতায় মূত্রথলি বা অন্ত্র ছিদ্র হয়ে দুরারোগ্য শারীরিক ক্ষত তৈরি হয়।
(২) শিশু-মৃত্যু ও মাতৃমৃত্যু — ২০ বছরের কম বয়সী মায়েদের সন্তানের মৃত্যুঝুঁকি ৫০% বেশি। মায়ের মৃত্যুঝুঁকিও অনেক বেশি।
(৩) Eclampsia, Postpartum hemorrhage, Sepsis, Obstructed Labour — অপরিপক্ক পেলভিক হাড়ের কারণে প্রসবে বাধা তৈরি হয়।
(৪) শিশুর মস্তিষ্কের অপরিপক্কতা — মস্তিষ্কের Prefrontal Cortex অর্থাৎ সিদ্ধান্ত-গ্রহণ ও দীর্ঘমেয়াদি পরিণাম বোঝার অংশ ২৫ বছর বয়সে পূর্ণতা পায়। ১১ বছর বয়সে এই অংশ নিতান্তই অপরিপক্ক। একটি শিশু সম্মতির অর্থ বুঝতে, বিবাহের পরিণাম উপলব্ধি করতে, বা যৌনতার বিপদ সম্পর্কে বিচার করতে সক্ষম নয়।
সুতরাং ঋতু হওয়া বা গর্ভধারণ ক্ষমতা বিবাহ বা যৌনতার উপযুক্ততার প্রমাণ নয়। এটি একটি মৌলিক জৈবিক প্রক্রিয়া মাত্র। শরীর ও মস্তিষ্ক উভয়ের পরিপক্কতা — এবং সম্মতি দেওয়ার মানসিক ক্ষমতা — বিকাশে ন্যূনতম ১৮ বছর প্রয়োজন। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, UNFPA, UNICEF-এর সর্বসম্মত অবস্থান।
সৌদি আরব: শরীয়া আইনের বাস্তব চিত্র
সৌদি আরব পূর্ণাঙ্গ শরীয়া আইনে পরিচালিত রাষ্ট্র। তাহলে সেখানে ধর্ষণের হার কি শূন্যের কোঠায়? মোটেই না। শুধু ২০১৯ সালের আগস্ট মাসে ১১১ জন বাংলাদেশি নারী গৃহকর্মী নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছিলেন — যাদের ৩৮ জন জানান তারা গৃহকর্তার ধর্ষণের শিকার হয়েছেন। এক মাসের এই সংখ্যা দিয়ে বছরের হিসাব এবং অন্য দেশের শ্রমিক যোগ করলে প্রকৃত ধর্ষণের হার অকল্পনীয়। অথচ ২০১৯ সালে সারা বছরে সৌদি আরবে ধর্ষণের অপরাধে মাত্র ৮ জনের বিচার হয়েছিল।
কঠোর শাস্তি কি অপরাধ কমায়? অপরাধবিজ্ঞানের অকাট্য উত্তর
সৌদি আরব প্রতিবছর শিরোচ্ছেদের মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করা শীর্ষ দেশগুলোর একটি। যেখানে বাংলাদেশে অনেক বছর কোন মৃত্যুদন্ড কার্যকর করা হয় না, সেখানে সৌদিতে প্রতি বছর এই সংখ্যা বাড়ছে। তাহলে কি দাঁড়ালো? শাস্তির ভয়ে অপরাধ কমলে তো অপরাধী ধীরে ধীরে কমে যাওয়ার কথা। বাংলাদেশে মাদক পাচারের শস্তি কঠোর করার পরেও কি সংশ্লিষ্ট অপরাধ কমেছে? ট্রাফিক আইন ভঙ্গের শাস্তি বেশি করার পরেও ট্রাফিক আইন ভঙ্গের পরিমান কমেছে? ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড, কিন্তু ধর্ষণ কমেছে?
শরীয়া আইনের সমর্থকদের মূল যুক্তি — হাত কাটা, প্রকাশ্যে বেত্রাঘাত, শিরোচ্ছেদ, পাথর নিক্ষেপে মৃত্যুর মতো ভীতিকর শাস্তিই অপরাধ প্রতিরোধ করবে। কিন্তু অপরাধবিজ্ঞানের শতাধিক গবেষণা এই ধারণাটিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে।
মার্কিন National Institute of Justice (NIJ)-র ‘Five Things About Deterrence’ গবেষণা নিষ্পত্তিমূলকভাবে বলছে: অপরাধ প্রতিরোধে শাস্তির কঠোরতা (Severity) নয়, বরং শাস্তির নিশ্চয়তা (Certainty of being caught) অনেক বেশি কার্যকর। অপরাধী ধরা পড়বে কি না — এই ভয়ই তাকে বিরত রাখে, শাস্তি কতটা ভয়ঙ্কর তা নয়।
Daniel S. Nagin (Carnegie Mellon University)-র দীর্ঘ গবেষণা (Criminology & Public Policy, 2013) এবং Sentencing Project-এর রিপোর্ট (Wright, 2010) উভয়ই বলছে: দীর্ঘতর বা কঠোরতর কারাদণ্ড অপরাধীর পুনরায় অপরাধ করার প্রবণতা কমায় না। England, Wales এবং Sweden-এ পরিচালিত তুলনামূলক গবেষণায় দেখা গেছে — শাস্তির কঠোরতা ও অপরাধ হারের মধ্যে কোনো শক্তিশালী পরিসংখ্যানগত সম্পর্ক নেই।
এর অর্থ হলো — শরীয়া আইনে যে অবিশ্বাস্য কঠোরতার কথা বলা হয়, সেটি যদি বাস্তবে প্রয়োগও হতো, তবুও ধর্ষণ উল্লেখযোগ্যভাবে কমত না। কারণ ধর্ষণের মূল চালিকাশক্তি ক্ষমতার অপব্যবহার এবং শাস্তি না পাওয়ার সম্ভাবনা — উভয়ই শরীয়া আইনে বহাল থাকে।
নর্ডিক প্যারাডক্স: বেশি রিপোর্ট মানে বেশি ধর্ষণ নয়
একটি প্রচলিত যুক্তি হলো — সুইডেন, ডেনমার্কের মতো ‘মুক্ত’ দেশে ধর্ষণের হার বেশি, তাই নারীর ‘স্বাধীনতা’ ধর্ষণ বাড়ায়। এটি তথ্যের বিকৃত ব্যাখ্যা।
DataPandas.org-এর বৈশ্বিক রিপোর্ট (২০২৬) এবং অপরাধ গবেষণা প্রতিষ্ঠান Brå (Sweden, 2020)-এর বিশ্লেষণ জানাচ্ছে এই তথাকথিত ‘Nordic Paradox’-এর আসল ব্যাখ্যা: সুইডেনে ধর্ষণের সংজ্ঞা অত্যন্ত বিস্তৃত (২০১৮ সালের Consent Law-এর পর স্পষ্ট সম্মতি না থাকলেই ধর্ষণ), ধর্ষণ রিপোর্ট করার হার অনেক বেশি কারণ শিকার পুলিশকে বিশ্বাস করেন, এবং সামাজিক কলঙ্ক নেই। অন্যদিকে সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশে ধর্ষণের রিপোর্ট কম কারণ রিপোর্ট করলে ধর্ষিতার নিজেরই শাস্তি হতে পারে।
Women’s Danger Index-এ ডেনমার্ক ১ম (স্কোর ০.৯৩২), সুইডেন ৩য় (০.৯২৬) — অর্থাৎ নারীর জন্য সবচেয়ে নিরাপদ দেশ। পোশাকের স্বাধীনতা, ধর্মহীন সংখ্যাগরিষ্ঠতা — এসব সত্ত্বেও তারা নারীর জন্য সবচেয়ে নিরাপদ। কারণ তাদের বিচারব্যবস্থা কার্যকর, শিকার রিপোর্ট করেন, এবং ধর্ষকের ধরা পড়ার নিশ্চয়তা বেশি।
উল্টোদিকে ভারত প্রতি ১ লক্ষে মাত্র ২৬টি ধর্ষণ দেখায় পরিসংখ্যানে — কিন্তু ভারতীয় গবেষকরা নিজেরাই বলছেন ৯৯% ধর্ষণ রিপোর্ট হয় না। Low Data = High Risk। শরীয়া আইনের দেশগুলো এই ‘Low Data’ দেশের তালিকায় — যেখানে পরিসংখ্যান কম মানে ধর্ষণ কম নয়, বরং ধর্ষিতা মুখ খোলার সাহস পায় না।
ইউনিসেফের তথ্য: শিশু সুরক্ষায় সেক্যুলার দেশ বনাম ইসলামী দেশ
জাতিসংঘ প্রকাশিত আন্তর্জাতিক তথ্য (UNICEF, EIU, Interpol) অনুযায়ী শিশুদের যৌন সহিংসতা প্রতিরোধে সবচেয়ে কার্যকর দেশগুলো: যুক্তরাজ্য (৮২.৭), সুইডেন (৮১.৫), কানাডা (৭৫.৩), অস্ট্রেলিয়া (৭৪.৯), জার্মানি (৭৩.১) — সবগুলোই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে ধর্মহীন মানুষের সংখ্যা বেশি এবং মানুষের তৈরি আইন রাষ্ট্র পরিচালনা করে।
সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায়: পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, আলজেরিয়া — সবগুলোই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে ধর্মীয় অনুশাসন সমাজ নিয়ন্ত্রণ করে। উল্লেখ্য, ইরানে ১৩ বছরে কন্যাশিশুর বিবাহ বৈধ এবং দত্তক নেওয়া পিতাও তার পালিতা কন্যাকে বিয়ে করতে পারেন — এই আইন শরীয়া থেকেই আসা।
এই পরিসংখ্যান একটি সুস্পষ্ট সত্য প্রতিষ্ঠা করে: ধর্মীয় আইনভিত্তিক রাষ্ট্রগুলো শিশু সুরক্ষায় নিয়মিতভাবে ব্যর্থ, আর মানবিক মূল্যবোধভিত্তিক সেক্যুলার রাষ্ট্রগুলোই কার্যকর সুরক্ষা দিচ্ছে।
বাংলাদেশের মাদ্রাসা: ধর্মের নামে শিশু ধর্ষণের অভয়ারণ্য
নেত্রকোণার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। AFP ও Prothom Alo-র অনুসন্ধানী প্রতিবেদন (২০১৯) জানাচ্ছে: বাংলাদেশের মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন এতটাই ব্যাপক যে ‘তিনটি মাদ্রাসায় পড়া একজন ছাত্র’ জানিয়েছেন ‘সেখানে পড়া প্রতিটি ছাত্রই এটি জানে।’ শুধু ২০১৯ সালের জুলাই মাসেই কমপক্ষে পাঁচ মাদ্রাসা শিক্ষককে শিশু ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছিল।
Bangladesh Shishu Odhikar Forum-এর প্রধান আবদুস শাহিদ বলেছেন — ‘বছরের পর বছর এই অপরাধ আড়ালে থেকেছে কারণ ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলাটাকে নিজের ধর্মের বিরুদ্ধে যাওয়া মনে করা হয়।’ অর্থাৎ ধর্মীয় পরিবেশই শিশু ধর্ষককে সুরক্ষা দিচ্ছে।
যে হুজুরেরা বাইরে ঘটা ধর্ষণের বিচারের জন্য শরীয়া চায়, তারা আবার মাদ্রাসাগুলোতে ঘটে চলা একের পর এক ছেলে ও মেয়ে শিশুর ধর্ষণ, হত্যার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে কোন প্রতিবাদ করেন না। এটা তাদের স্পষ্টত দ্বিচারিতা। প্রতি সপ্তাহে একাধিক ধর্ষণের ঘটনার সঙ্গে মাদ্রাসা শিক্ষকদের নাম আসে।
সমাধান আছে, কিন্তু শরীয়ায় নয়
শরীয়া আইন ধর্ষণ কমাতে ব্যর্থ হয়েছে — এটি মতামত নয়, অপরাধবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান ও বৈশ্বিক তথ্যের সম্মিলিত রায়। কারণগুলো স্পষ্ট:
প্রথমত, শরীয়া আইনে শিশু বিবাহ ও যৌনদাসত্ব বৈধ — অর্থাৎ এই আইন নিজেই কিছু ধর্ষণকে বৈধতা দেয়। দ্বিতীয়ত, ধর্ষণ প্রমাণের শর্ত (চার পুরুষ সাক্ষী) এতটাই অসম্ভব যে ধর্ষিতা বিচার পাওয়ার চেষ্টা করলেই নিজে শাস্তির মুখে পড়তে পারেন। তৃতীয়ত, অপরাধবিজ্ঞানের গবেষণা প্রমাণ করেছে কঠোর শাস্তি নয়, শাস্তির নিশ্চয়তাই অপরাধ কমায়। শরীয়া আইনে ধর্ষকের শাস্তি পাওয়ার নিশ্চয়তা নেই। চতুর্থত, নারীকে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে প্রতিষ্ঠার ধর্মীয় মনোকাঠামো যৌন সহিংসতার সংস্কৃতিকে পুষ্ট করে।
ধর্ষণ কমাতে প্রয়োজন: নারীর সম্মতিকে আইনের কেন্দ্রে রাখা, ধর্ষকের শাস্তির নিশ্চয়তা (কঠোরতা নয়), ভুক্তভোগীকে রিপোর্ট করতে উৎসাহিত করা, নারীর সমান মর্যাদা প্রতিষ্ঠা এবং শিশু সুরক্ষায় বৈজ্ঞানিক, মানবিক আইনের প্রয়োগ। এই পাঁচটি শর্তের একটিও শরীয়া আইনে পূরণ হয় না। মানবতার কল্যাণে রচিত সেক্যুলার আইনব্যবস্থাই একমাত্র পথ — এটি যুক্তির কথা নয়, এটি বিশ্বের তথ্য-উপাত্তের কথা।
তথ্যসূত্র ও গবেষণা প্রবন্ধ
১. OJP/NCJRS — Rape: Understanding and Investigating Sexual Assault Offenders (Connecticut Correctional Institute, 16-year study)
২. Thornhill R. & Palmer C.T. — Why Do Men Rape? An Evolutionary Psychological Perspective, ResearchGate, 2008
৩. NIH PMC3777344 — Mental Health Assessment of Rape Offenders (India context, cross-disciplinary)
৪. Teo, Z.P. — Rape as Torture: The Psychology and Motivations of Perpetrators, Stanford Law School DOJ, 2016
৫. Nagin, D.S. — Deterrence in the 21st Century, Crime & Justice, Vol. 42, Carnegie Mellon University, 2013
৬. National Institute of Justice (NIJ.gov) — Five Things About Deterrence, 2016
৭. Wright, V. — Deterrence in Criminal Justice: Evaluating Certainty vs. Severity of Punishment, Sentencing Project, 2010
৮. WHO Health Policy Watch — Child Marriage Driving Adolescent Pregnancy Crisis, April 2025
৯. NIH PMC2672998 — Child Marriage: A Silent Health and Human Rights Issue, Harvard Medical School/Brigham & Women’s Hospital
১০. Frontiers in Sociology — Effects of Early Marriage among Women Married Before 18, 2024
১১. JMRH 2019 — Reproductive and Sexual Health Consequences of Child Marriage (systematic review)
১২. DataPandas.org — Rape Statistics by Country (global dataset), March 2026
১৩. Brå (Sweden) — Reported and Cleared Rapes in Europe, Report 2020:13
১৪. Amnesty International — Nordic Countries: Survivors of Rape Unite to End Impunity, April 2019
১৫. Human Rights Watch — Marry Before Your House is Swept Away: Child Marriage in Bangladesh, 2015
১৬. Oxford Human Rights Hub — Condoning Child Marriage in Bangladesh, April 2023
১৭. AFP/Gulf News/Prothom Alo — Bangladeshis Speak Up About Rampant Rapes in Madrasas, August 2019
১৮. TBS News — 11-year-old Pregnant After Rape in Netrokona, Case Filed Against Madrasah Teacher, May 2026
Related Posts

‘Hijab is my choice’ – the same people who make this claim in secular countries often force women to wear hijab in their own countries
Iranian singer Parastu Ahmadi has been sentenced to 74 lashes for the “crime” of performingRead More

হিজাব ইজ মাই চয়েস – এই বুলি সেক্যুলার দেশে যারা দাবী করেন তারা নিজেদের দেশে হিজাব পরতে বাধ্য করেন
ইরানি গায়িকা পারাস্তু আহমাদিকে হিজাব ছাড়া মঞ্চে পরিবেশনার অপরাধে ৭৪টি বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। এইRead More

Attacks by “Tawhidi Janata” in Bangladesh and Obstruction of Minority Religious Practice
In Palashbari upazila of Gaibandha, local Sanatan (Hindu) devotees had taken the initiative to buildRead More

Comments are Closed