
The Contributions of Native Americans
মেফ্লাওয়ার, থ্যাকস গিভিং ও বিশ্বের কৃষিতে আমেরিকার আদিবাসীদের অসামান্য অবদান
১৬২০ সালের সেপ্টেম্বর মাসে ‘মেফ্লাওয়ার’ (MayFlower) নামক একটি বিখ্যাত জাহাজে চড়ে ১০২ জন যাত্রী ইংল্যান্ডের প্লিমাথ বন্দর থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হন। এদের মধ্যে একটি বড় দল ছিল ‘পিলগ্রিমস’ বা তীর্থযাত্রী, যারা ইংল্যান্ডের ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে এবং স্বাধীনভাবে ধর্মচর্চা করতে এক নতুন ভূখণ্ডের সন্ধান করছিলেন। দীর্ঘ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ২ মাসের সমুদ্রযাত্রা শেষে, ১৬২০ সালের নভেম্বরের শেষের দিকে জাহাজটি আমেরিকার ম্যাসাচুসেটসের প্লিমাথ উপকূলে এসে পৌঁছায়। এই ঐতিহাসিক সমুদ্রযাত্রা আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
নতুন এই অচেনা ভূখণ্ডে পিলগ্রিমদের প্রথম শীতকালটি ছিল অত্যন্ত ভয়াবহ এবং নির্মম। তীব্র শীত, খাদ্যাভাব এবং বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়ে সেই প্রথম বছরেই প্রায় অর্ধেক যাত্রী মৃত্যুবরণ করেন। তবে বসন্তের আগমনে তাদের জীবনে আশার আলো চকমকিয়ে ওঠে। স্থানীয় ওয়াম্পানোয়াগ (Wampanoag) উপজাতির আদিবাসী আমেরিকানরা, বিশেষ করে ‘স্কোয়ানটো’ নামের এক ব্যক্তি, পিলগ্রিমদের সহায়তায় এগিয়ে আসেন। তিনি তাদের এই নতুন মাটিতে কীভাবে ভুট্টা চাষ করতে হয়, মাছ ধরতে হয় এবং স্থানীয় পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকতে হয় তা শিখিয়ে দেন।
আদিবাসীদের সহায়তায় ১৬২১ সালের শরতে পিলগ্রিমরা তাদের প্রথম সফল ফসল ঘরে তুলতে সক্ষম হন। এই সাফল্যের আনন্দ এবং বেঁচে থাকার কৃতজ্ঞতা প্রকাশ করতে পিলগ্রিমরা একটি ভোজের আয়োজন করেন। তারা তাদের সহায়তাকারী ওয়াম্পানোয়াগ উপজাতির প্রধান ম্যাসাসয়েট এবং তাঁর প্রায় ৯০ জন আদিবাসী সঙ্গীকে এই উৎসবে আমন্ত্রণ জানান। টানা তিন দিন ধরে চলা এই ঐতিহাসিক ভোজ ও মিলনমেলাই ছিল আমেরিকার ইতিহাসের প্রথম ‘থ্যাংকসগিভিং’ বা কৃতজ্ঞতা প্রকাশ উৎসব, যা আজ ঐতিহাসিকভাবে প্রতি বছর শ্রদ্ধার সাথে উদযাপিত হয়। আমেরিকার আদিবাসীরা অন্যদের এমন সহযোগীতার হাত বাড়িয়ে দিলেও তাদের ইতিহাসে অনেক বঞ্চনা, অনেক সংগ্রাম হাত ধরে সবসময় পাশাপাশি চলেছে।
আমেরিকার আদিবাসী বা রেড ইন্ডিয়ানদের ইতিহাস কেবল সংগ্রাম আর বঞ্চনার গল্প নয়, বরং এটি মানব সভ্যতার সবচেয়ে বড় এবং সমৃদ্ধ এক অধ্যায়। বিশেষ করে বিশ্ব কৃষিতে তাদের যে অবদান, তা এক কথায় অতুলনীয়। আজ আমাদের রান্নাঘরে, রেস্তোরাঁয় কিংবা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের থালায় যে খাবারগুলো শোভা পায়, তার একটি বিরাট অংশ এসেছে এই আদিবাসীদের হাজার বছরের নিরলস প্রচেষ্টা, বুদ্ধিমত্তা এবং চাষাবাদের হাত ধরে। ১৬২০ সালের সেই মেফ্লাওয়ার জাহাজের পিলগ্রিমদের ক্ষুধার্ত মুখে অন্ন জুগিয়ে যেভাবে তারা বাঁচিয়েছিলেন, ঠিক তেমনিভাবে বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের মুখে খাবারের জোগান দিতে আজো কাজ করে যাচ্ছে তাদের উদ্ভাবিত ফসলগুলো। কৃষিক্ষেত্রে আমেরিকান আদিবাসীদের এই অনন্য ও অসমান্য অবদান মানব সভ্যতার গতিপথ বদলে দিয়েছে চিরতরে।
ঐতিহাসিক ‘কলম্বিয়ান এক্সচেঞ্জ’ বা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর দুই গোলার্ধের মধ্যে যে আদান-প্রদান শুরু হয়, তা বিশ্বের খাদ্য সংস্কৃতিকে পুরোপুরি বদলে দেয়। এর আগে এশিয়া, ইউরোপ বা আফ্রিকার মানুষ আলুর স্বাদ জানত না, চিনত না কোনো ঝাল মরিচ। আজ বাঙালি বা ভারতীয় রন্ধনশৈলীতে যে আলু কিংবা কাঁচা মরিচ ছাড়া রান্নার কথা চিন্তাই করা যায় না, তা মূলত আমেরিকান আদিবাসীদেরই আবিষ্কার। তারা যদি হাজার বছর ধরে আন্দিজ পর্বতমালা বা মেসোআমেরিকার উর্বর মাটিতে বুনো উদ্ভিদ থেকে এসব ফসলের চাষযোগ্য জাত তৈরি না করতেন, তবে আজকের আধুনিক পৃথিবীর খাদ্য তালিকা কতটা মলিন হতো তা ভাবাই যায় না। তাদের হাত ধরেই বিশ্বজুড়ে কৃষিতে এক নীরব কিন্তু সবচেয়ে প্রভাবশালী বিপ্লব ঘটেছিল।
বিশ্বের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ হলো আলু এবং ভুট্টা, যার দুটিই আদিবাসী আমেরিকানদের উপহার। লাতিন আমেরিকার আন্দিজ পর্বতমালার আদিবাসীরা প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে শত শত জাতের আলুর চাষাবাদ পদ্ধতি আবিষ্কার করেছিলেন। আজ বিশ্বের অন্যতম প্রধান পুষ্টিকর এবং সস্তা খাদ্য হিসেবে আলু কোটি কোটি মানুষের ক্ষুধা মেটাচ্ছে। অন্যদিকে, মেক্সিকোর আদিবাসীরা ‘টিওসিন্ট’ নামের একটি বুনো ঘাস থেকে বছরের পর বছর ধরে নির্বাচনের মাধ্যমে আজকের দানাদার ভুট্টা তৈরি করেছিলেন। এই ভুট্টা কেবল মানুষের খাবার হিসেবেই নয়, বরং গবাদি পশুর খাদ্য এবং বিভিন্ন শিল্পজাত পণ্য তৈরির প্রধান কাঁচামাল হিসেবে বিশ্ব অর্থনীতির চাকা সচল রাখছে।
মিষ্টি আলু এবং কাসাভাও ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল ভূমিকা পালন করে আসছে। সাব-সাহারান আফ্রিকা এবং এশিয়ার অনেক দেশে যেখানে অন্য কোনো ফসল ভালো জন্মায় না, সেখানে আদিবাসী আমেরিকানদের উদ্ভাবিত কাসাভা এবং মিষ্টি আলু আজ প্রধান খাদ্য হিসেবে গণ্য হয়। পুষ্টিগুণে ভরপুর এই ফসলগুলো খরা এবং কঠিন মাটিতেও টিকে থাকতে পারে, যা বিশ্বের সবচেয়ে দরিদ্র অঞ্চলের মানুষের পুষ্টির অভাব দূর করতে এবং দুর্ভিক্ষ প্রতিরোধে শতাব্দীর পর শতাব্দী ধরে কাজ করে যাচ্ছে।
শাকসবজি এবং ফলের ক্ষেত্রেও আমেরিকান আদিবাসীদের অবদান আমাদের ডাইনিং টেবিলকে করেছে বৈচিত্র্যময় ও রঙিন। টমেটো, মিষ্টি কুমড়া, স্কোয়াশ, নানা পদের শিম (যেমন কিডনি বিনস বা লিমা বিনস) এবং চিনাবাদামের মতো পুষ্টিকর খাদ্যগুলো তারা প্রাক-কলম্বিয়ান যুগ থেকেই সফলভাবে চাষ করে আসছিলেন। টমেটো ছাড়া আজ ইতালিয়ান পাস্তা বা পিৎজার কথা ভাবা যায় না, আবার শিম বা বিনস সারা বিশ্বের মানুষের প্রোটিনের অন্যতম প্রধান উৎস। এর পাশাপাশি পেঁপে, আনারস, অ্যাভোকাডো এবং পেয়ারার মতো সুস্বাদু ও ভিটামিন সমৃদ্ধ ফলগুলোও তাদেরই হাত ধরে বিশ্বে পরিচিতি পেয়েছে, যা আজ বৈশ্বিক ফল বাণিজ্যের একটি বড় অংশ দখল করে আছে।
স্বাদ এবং বিনোদনের জগতেও আদিবাসীদের অবদান কোনো অংশে কম নয়, বরং বলা যায় তারাই আধুনিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি স্বাদের জনক। চকলেট বা কোকো এবং ভ্যানিলার নাম শুনলেই জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। মেসোআমেরিকার মায়া এবং অ্যাজটেক সভ্যতার আদিবাসীরা কোকো বীজ থেকে বিশেষ পানীয় তৈরি করতেন এবং ভ্যানিলাকে সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন। আজকের বিলিয়ন ডলারের চকলেট এবং আইসক্রিম শিল্প সম্পূর্ণভাবে তাদের এই দুটি আবিষ্কারের ওপর নির্ভরশীল। এছাড়া তামাকের মতো বাণিজ্যিক ফসল, যা বিশ্ব অর্থনীতিতে এক বিশাল ভূমিকা পালন করে আসছে, সেটিও আদিবাসীদেরই চাষাবাদকৃত একটি পণ্য ছিল, যা তারা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠানে ব্যবহার করতেন।
আমেরিকান আদিবাসীদের এই কৃষি বিপ্লব কেবল নতুন ফসলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তাদের টেকসই চাষাবাদ পদ্ধতিও ছিল অত্যন্ত উন্নত। যেমন তাদের ‘থ্রি সিস্টার্স’ (Three Sisters) বা তিন বোন পদ্ধতি—যেখানে একই জমিতে একসাথে ভুট্টা, শিম এবং কুমড়া চাষ করা হতো। ভুট্টা গাছ শিম গাছের আরোহণের জন্য খুঁটি হিসেবে কাজ করত, শিম বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে মাটিকে উর্বর করত, আর কুমড়োর বড় পাতাগুলো মাটিকে ঢেকে রেখে আর্দ্রতা ধরে রাখত এবং আগাছা জন্মাতে দিত না। এই ধরনের পরিবেশবান্ধব এবং বিজ্ঞানসম্মত কৃষি জ্ঞান প্রমাণ করে যে, তারা প্রকৃতির সাথে কতটা সামঞ্জস্য রেখে বাস করতেন। তাই বলা যায়, আজকের আধুনিক পৃথিবীর সমৃদ্ধি, বৈচিত্র্যময় খাদ্য সংস্কৃতি এবং কোটি কোটি মানুষের খাদ্য সুরক্ষার পেছনে আমেরিকান আদিবাসীদের ঋণ অপরিশোধ্য।
Related Posts

Is Bangladesh, with 90% Muslims, better than the so‑called free‑sex countries?
Bangu male believers think — and even some women — that the Western world meansRead More

তথাকথিত ফ্রি সেক্সের দেশের চেয়ে ৯০% মুসলমানের বাংলাদেশ কি ভাল?
বাঙ্গু পুরুষ মুমিনদের ধারনা, এমনকি কিছু নারীরও যে – পশ্চিমা দুনিয়া মানে ফ্রি সেক্স, সেখানেRead More

People’s Arabic names are not the property of Allah or Muhammad. Stop demanding that others change their names
One fine morning you log into Facebook and see that everyone—from Mokhles, the tea sellerRead More

Comments are Closed