
Why use Insults Instead of Logic?
অনেক বাঙালি মুসলমান ধর্মের সমালোচনার কারনে অশ্রাব্য গালি দেয়াকে এতো পছন্দ করে কেন?
কয়েকদিন ধরে একটা বিষয়ে ঘাটাঘাটি করছিলাম। আমরা যারা বাংলা ভাষায় ইসলামের অন্ধকার দিক তুলে ধরি তাদের প্রতিনিয়ত হত্যা, মারা-ধরার হুমকি থেকে নিজের ও বাবা-মায়ের নামে অশ্রাব্য ভাষায় গালি দেয়া হয়। এর মধ্যে একটা কমন গালি হলো ‘জারজ সন্তান’ বলা, নারী হলে ‘বেশ্যা’ বলা। কিছুদিন আগে এক ভাইরাল ভিডিওতে দেখলাম নিউইয়র্কের এক বাঙালি মুসলিম দোকানদার এক নারীকে সেই একই ‘জারজ, বেশ্যা’ বলে গালি দিচ্ছে। অনেক বাঙালি মুসলিম এই গালিকে কেন এতো গুরুত্বপূর্ণ ভাবে? ইসলামের নবী, সাহাবী বা পরবর্তী মাজহাবের প্রতিষ্ঠাতারা কেউ কি এমন গালিগালাজ করতেন?
আমি কয়েকটা ইংরজী ভাষার সোস্যাল প্রোফাইল ঘেটে দেখলাম যারা খ্রিস্টিয়ানিটি, বৌদ্ধ, হিন্দু ধর্মের তুখোড় সমালোচনা করে। একজন দেখলাম যীশু ও বুদ্ধকে এক মদের বারে বসিয়ে দিয়ে কথোপকথন করিয়েছেন। সেখানে প্রায় ২ হাজারের মতো কমেন্ট। ঘেটে দেখলাম, কোন গালিগালাজ সম্বলিত কমেন্ট আছে কিনা। অবাক হয়ে দেখলাম, কেউ গালি দেয়নি। বিভিন্ন দেশের অনেক মানুষ সেখানে কমেন্ট করেছেন, কিন্তু কেউ প্রসঙ্গের বাইরে গিয়ে ‘জারজ সন্তান’ বা কোন সাধারন গালিও দেয়নি লেখককে। প্রায় সবাই সবার নিজস্ব মতামত, যুক্তি তুলে ধরে কমেন্ট করেছেন। কেউ মহাত্মা গান্ধীর প্রসঙ্গ নিয়ে এসেছেন, কেউ রিজেক্ট করেছেন – কিন্তু কোন অশ্রাব্য গালিগালাজ তো দূরে থাক, কেউ সামান্য কটূকথাও বলেননি একে অপরকে।
এই পার্থক্য কেন? বাঙালি মুসলিম যারা ইসলামকে ডিফেন্ড করেন, তাদের এই গালি দেয়ার সংস্কৃতি কেন? এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কী? এই পার্থক্যটি কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একই সাথে ঢুকতে হবে ইসলামি আইনশাস্ত্রের ইতিহাসে, সামাজিক মনোবিজ্ঞানের গবেষণাগারে, এবং বাংলাদেশের শিক্ষাব্যবস্থার শ্রেণিকক্ষে।
‘জারজ’ শব্দটির ইসলামি শিকড়
ওয়ালাদ আল-যিনাঃ একটি আইনগত ধারণার সামাজিক বিষ
‘জারজ’ শব্দটি বাংলায় এসেছে মূলত ‘জারজাত’ বা অবৈধ সন্তান অর্থে। ইসলামি আইনশাস্ত্রে এর প্রতিশব্দ হলো ওয়ালাদ আল-যিনা (ولد الزنا) – যিনার (অবৈধ যৌনসম্পর্কের) সন্তান।
ক্লাসিক্যাল ইসলামি ফিকাহ-শাস্ত্রে ওয়ালাদ আল-যিনার আইনগত অবস্থান অত্যন্ত কঠোর। হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি – চারটি সুন্নি মাজহাবই একমত যে এই সন্তান জৈব পিতার কাছ থেকে উত্তরাধিকার পাবে না এবং পিতার নাসাব (বংশপরিচয়) বহন করবে না। সে শুধু মায়ের পরিচয়ে পরিচিত হবে।
আমানবিক মনে হয় না বিষয়টা? যে সন্তানের পৃথিবীতে আসার পিছনে তার নিজের কো হাত নেই ইসলাম তাকে জন্মের পরপরই ‘জারজ’ নাম দিয়ে বৈষ্যম্য শুরু করেছে, অথচ তার জন্মদাতা পিতা যেহেতু পুরুষ, ইসলাম তাকে সুরক্ষা দিচ্ছে!
এই অবস্থানের ভিত্তি হাদিসেঃ “আল-ওয়ালাদু লিল-ফিরাশ ওয়া লিল-‘আহিরি আল-হাজার” – “সন্তান বৈধ বিবাহের বিছানার জন্য, আর ব্যভিচারির জন্য পাথর।” (সহিহ আল-বুখারি, হাদিস ২০৫৩)।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সূক্ষ্মতা আছে। ইবনে তাইমিয়্যাহ, ইবনুল কায়্যিম এবং হাসান আল-বাসরির মতো পণ্ডিতরা ভিন্নমত পোষণ করেছেনঃ যদি জৈব পিতা সন্তানকে স্বীকৃতি দেন, তাহলে সন্তানের নাসাব প্রতিষ্ঠিত হওয়া উচিত – কারণ এটি সন্তানের স্বার্থ রক্ষা করে। কিন্তু এটি সংখ্যালঘু মত। মূল ইসলাম তাদেরকে গোনে না। একজন পুরুষ চাইলেই একজন নারীর সঙ্গে শোবে, সন্তান জন্ম দিবে, কিন্তু পরে তার দায়িত্ব নিবে না, ইসলাম এর দায় দিয়ে দিচ্ছে শুধুই, এবং একমাত্র ‘নারী’র উপর। সুতরাং এই যে ‘জারজ সন্তান’ গালিটাও মূলত ইসলামের ভয়াভহ নারী বিদ্বেষ থেকে উৎসারিত।
নবী বা সাহাবীরা কি গালিগালাজ করতেন, তারা সমালোচনা সহ্য করতেন?
ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক যুগে ভিন্নমত এবং বুদ্ধিবৃত্তিক বিরোধিতাকে কঠোরভাবে দমন করার একটি প্রবণতা স্পষ্ট ছিল। আমর ইবন হিশামকে আরবের প্রথাগত জ্ঞানের প্রতীক ‘আবু হাকাম’ (জ্ঞানের পিতা) উপাধি থেকে ‘আবু জাহেল’ (মূর্খতার পিতা) নামে অভিহিত করা কেবল আদর্শিক বিরোধিতাই ছিল না, বরং এটি ছিল প্রতিপক্ষের সামাজিক মর্যাদা ধুলিসাৎ করার একটি রাজনৈতিক কৌশল। নবী মুহাম্মদ গুপ্ত ঘাতক পাঠিয়ে তার সমালোচনাকারীদের হত্যা করাতেন। কাব ইবনে আশরাফ, আসমা বিনতে মারওয়ান কিংবা আবু আফাকের মতো কবিদের হত্যার ঘটনাগুলোকে সমালোচকেরা আধুনিক অর্থে ‘ভিন্নমত দমন’ এবং ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ হিসেবে দেখেন। কবিরা তখন কেবল কবিতা লিখতেন না, বরং জনমত গঠন করতেন; তাই তাদের হত্যা করার মাধ্যমে তৎকালীন উদীয়মান মদিনা রাষ্ট্র নিজের বিরুদ্ধে যেকোনো ধরনের প্রচারণামূলক কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার বার্তা দিয়েছিল। এছাড়া, এক সাহাবী একবার নবীকে সমালোচনা করার অভিযোগে তার দাসীকে হত্যা করে, সেই দাসী ছিল গর্ভবতী, ছুরি দিয়ে তার পেট চিরে দেয়ায় গর্ভের বাচ্চাটিও নীচে পড়ে যায়। এমন নৃশং ঘটনায়ও নবী মুহাম্মদ উক্ত সাহাবীকে বাহবা দিয়েছিলেন। ধর্মত্যাগী ও সমালোচনাকারীদের জন্য অনুশোচনার সুযোগ না রেখে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করার বিষয়টিকে সমালোচকেরা ব্যক্তি স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেন।
তবে এর বিপরীতে, ইসলামি ইতিহাসের মধ্যেই এমন কিছু আচরণ ও ঘটনার সহাবস্থান দেখা যায় যা আপাতদৃষ্টিতে এই চরমপন্থার সাথে সাংঘর্ষিক এবং বৈপরীত্যে ভরা। নবী মুহাম্মদের মক্কা জীবনের ১৩ বছর এবং মক্কা বিজয়ের পরবর্তী সময়ে অনেক চরম শত্রুকে ক্ষমা করে দেওয়ার ঘটনা ঘটেছিল, যা সমালোচকদের দৃষ্টিতে একটি সুনিপুণ ‘রাজনৈতিক দূরদর্শিতা’ বা কৌশলগত উদারতা (Strategic Clemeny) হতে পারে। মক্কা বিজয়ের পর যখন প্রতিপক্ষ রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাস্ত ও আত্মসমর্পণ করে, তখন তাদের ঢালাওভাবে হত্যা না করে ক্ষমা করে দেওয়া ছিল নতুন রাষ্ট্রব্যবস্থায় তাদের অন্তর্ভুক্ত করার এবং রক্তক্ষয় এড়ানোর একটি কার্যকর রাজনৈতিক চাল। একইভাবে, সাহাবিদের যুগে উমর বা আলী-এর মতো শাসকেরা সাধারণ জনগণের তীব্র সমালোচনা যেভাবে সহ্য করেছেন, তা মূলত ছিল অভ্যন্তরীণ মুসলিম উম্মাহর মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা ও ন্যায়পরায়ণতা বজায় রাখার প্রয়াস। সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে, এই ব্যতিক্রমী উদারতাগুলো কোনো নিঃশর্ত আধ্যাত্মিক ক্ষমাশীলতা ছিল না, বরং তা ছিল পরিস্থিতি ও উপযোগিতা (Pragmatism) ভিত্তিক; যেখানে রাষ্ট্রীয় শক্তির ভিত দুর্বল ছিল বা যেখানে ক্ষমা করলে রাজনৈতিক ফায়দা বেশি হতো, সেখানে উদারতা দেখানো হয়েছে, আর যেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ভীতি প্রদর্শন জরুরি ছিল, সেখানে সমালোচক ও কবিদের কঠোর হস্তে দমন করা হয়েছে।
পরিচয়-সংমিশ্রণ তত্ত্ব এবং ধর্মীয় আগ্রাসন
আইডেন্টিটি ফিউশনঃ যখন ‘আমি’ ও ‘আমার ধর্ম’ একাকার হয়ে যায়
সামাজিক মনোবিজ্ঞানে Identity Fusion বা পরিচয়-সংমিশ্রণ তত্ত্বটি এই প্রশ্নের অন্যতম গুরুত্বপূর্ণ উত্তর দেয়। উইলিয়াম সোয়ান ও তাঁর সহকর্মীদের গবেষণা অনুযায়ী, যখন কোনো ব্যক্তির ব্যক্তিগত পরিচয় (personal self) এবং গোষ্ঠী-পরিচয় (social self) এতটাই একীভূত হয়ে যায় যে তাদের আলাদা করা যায় না, তখন সেই গোষ্ঠীর উপর যেকোনো আক্রমণকে সে ব্যক্তিগত আক্রমণ হিসেবে অনুভব করে।
গবেষকরা দেখেছেন যে ধর্মের সাথে (দেশের তুলনায়) পরিচয়-সংমিশ্রণ বেশি ঘটলে প্রতিশোধমূলক কার্যকলাপের সমর্থন অনেক বেড়ে যায়। এমনকি নিয়ন্ত্রণ-ভেরিয়েবল হিসেবে ধার্মিকতা ও মৌলবাদ ধরে রাখলেও এই প্যাটার্ন বজায় থাকে।
বাংলাদেশের প্রেক্ষাপটে এর মানেঃ একজন সাধারণ বাঙালি মুসলিমের কাছে ইসলামের সমালোচনা মানে শুধু একটি ধর্মের সমালোচনা নয় – এটি তার নিজের পরিচয়ের সমালোচনা, তার পরিবারের সমালোচনা, তার পূর্বপুরুষের সমালোচনা, তার অস্তিত্বের মূলের উপর আঘাত। এই কারণেই প্রতিক্রিয়াটি বৌদ্ধিক নয়, ভিসেরাল (আঁতে লাগার মতো) – এবং প্রায়ই পরিণত হয় ‘তোর মা বাপ এই সেই …’ টাইপের গালি দেওয়ায়।
ধর্মীয় অঙ্গীকার বনাম ধর্মীয় সম্পৃক্ততা
গবেষণায় আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য উঠে এসেছেঃ ধর্মীয় অঙ্গীকার (commitment) এবং ধর্মীয় সম্পৃক্ততা (involvement)-এর মধ্যে।
যারা নিয়মিত উপাসনালয়ে যান, ধর্মীয় সম্প্রদায়ের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকেন – তাদের মধ্যে আগ্রাসনের হার কম। কারণ তাঁরা ধর্মের সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক গভীরতার সাথে পরিচিত।
কিন্তু যারা ধর্মীয় পরিচয়ে অঙ্গীকারবদ্ধ কিন্তু ধর্মীয় অনুশীলনে কম সক্রিয়, তাঁদের মধ্যে ধর্মীয় পরিচয় হুমকির মুখে পড়লে রাগ ও বৈরিতার মাত্রা বেশি হয়। এই প্যাটার্নটি বাংলা সোশ্যাল মিডিয়ায় স্পষ্টভাবে দেখা যায় – যারা গালিগালাজ করে তাদের অনেকেই ধর্মীয় আইনকানুন সম্পর্কে প্রায় কিছুই জানে না, কিন্তু ‘মুসলমান’ পরিচয়টি তাদের কাছে অস্তিত্বের কেন্দ্রবিন্দু। এখানেই আসে সংখ্যাগরিষ্ট মডারেট মুসলমানরা। যারা নিজেরা কখনো কোরাআন, হাদিস, তর্জমা, তাফসীর বাংলা অনুবাদসহ পড়েনা, নিজেরা ধর্ম-কর্ম করেনা কিন্তু ইসলামের সমালোচনা দেখলে একেবারে সিন্ডিকেট করে তার জীবন কেড়ে নেয়ার উপক্রম করে।
জ্ঞানীয় বিভ্রান্তি এবং যুক্তির বিকল্প হিসেবে গালি
সামাজিক মনোবিজ্ঞানের Cognitive Dissonance তত্ত্ব অনুযায়ী, যখন কারো বিশ্বাস ও যুক্তির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এবং সে যুক্তি দিয়ে সেই দ্বন্দ্ব সমাধান করতে পারে না, তখন সে বিশ্বাসকে রক্ষা করার জন্য অন্য পথে যায়।
গালি দেওয়া সেই বিকল্প পথগুলির একটি। যুক্তি খণ্ডন করতে না পারলে যুক্তিদাতাকে ‘জারজ’ বা অন্য কোন হিংসা বা ঘৃনাত্মক কথা বলে অপমান করা হয়। এতে দুটি কাজ হয়ঃ প্রথমত, সমালোচকের বক্তব্যকে ডিসক্রেডিট করার চেষ্টা করা হয়। দ্বিতীয়ত, গালিদাতার নিজের আভ্যন্তরীণ অস্থিরতাকে রাগে রূপান্তর করা হয়, যা সাময়িক স্বস্তি দেয়।
বাংলাদেশের কাঠামোগত কারণসমূহ
শিক্ষা ব্যবস্থা ও সমান্তরাল বাস্তবতা
বাংলাদেশে তিনটি সমান্তরাল শিক্ষাধারা বিদ্যমানঃ সরকারি বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম এবং মাদরাসা শিক্ষা। এই তিনটি ধারায় শেখানো হয় ভিন্ন মূল্যবোধ, ভিন্ন ইতিহাস, ভিন্ন জ্ঞানতত্ত্ব।
মিডিয়া ডাইভার্সিটি ইন্সটিটিউটের গবেষণা বলছেঃ “সমান্তরাল ও নিম্নমানের শিক্ষা এবং কম মিডিয়া সাক্ষরতা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা-বক্তৃতার মহামারীকে সক্ষম করেছে।”
একই গবেষণায় উল্লেখ আছেঃ “মানুষ আগের চেয়ে বেশি তথ্য গ্রহণ করছে – কিন্তু ফেসবুক গুজবে বাড়িঘর ও মন্দির জ্বালিয়ে দেওয়া দেখায় যে আমাদের অধিকাংশের সমালোচনামূলক বিশ্লেষণ ও যৌক্তিক চিন্তার ক্ষমতা নেই।”
ব্লাসফেমি আইন ও ভয়ের সংস্কৃতি
বাংলাদেশ ১৯৭১ সালে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৮ সালে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়। এরপর থেকে একটি ক্রমবর্ধমান আইনি কাঠামো তৈরি হয়েছে যা ধর্মীয় সমালোচনাকে দমন করে।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ২৮ ধারা যেকোনো অনলাইন কন্টেন্টকে অপরাধ হিসেবে গণ্য করতে পারে যদি তা “ধর্মীয় অনুভূতিতে আঘাত” করে। এই অস্পষ্ট ভাষা ধর্মীয় সমালোচনাকে কার্যত নিষিদ্ধ করেছে।
যখন রাষ্ট্র নিজেই ধর্মীয় সমালোচনাকে অপরাধ হিসেবে দেখে, তখন সাধারণ মানুষের মধ্যে এই বার্তাটি পৌঁছায়ঃ সমালোচক মানেই শত্রু, মানেই অপরাধী। এই পরিবেশে গালিগালাজ শুধু আবেগের প্রকাশ নয় – এটি একটি সামাজিকভাবে অনুমোদিত আচরণও বটে।
হেফাজতে ইসলাম এবং ধর্মীয় মেরুকরণ
২০১৩ সালে হেফাজতে ইসলামের উত্থান বাংলাদেশের ধর্মীয় আবহাওয়াকে আমূল বদলে দিয়েছে। তাদের ১৩ দফার মধ্যে ছিল মৃত্যুদণ্ডসহ ব্লাসফেমি আইন প্রণয়নের দাবি। ব্লগারদের ‘নাস্তিক’ ও ‘মুরতাদ’ হিসেবে চিহ্নিত করে হত্যার দাবি তোলা হয়েছে।
এই রাজনৈতিক পরিবেশে বড় হওয়া একটি প্রজন্ম শিখেছেঃ ইসলামের সমালোচনা মানে মৃত্যুযোগ্য অপরাধ। এই শিক্ষা পেলে গালি দেওয়াকে বরং নমনীয় প্রতিক্রিয়াই মনে হতে পারে।
তুলনামূলক বিশ্লেষণ – পার্থক্যটা কোথায়?
পশ্চিমা ধর্মসমালোচনার সংস্কৃতি কীভাবে আলাদা?
জিসাস ও বুদ্ধকে নিয়ে ইংরেজিভাষী ইন্টারনেটে যে বিতর্ক হয়, সেখানে গালিগালাজ না থাকার পেছনে কয়েকটি কারণ আছেঃ
১. ধর্মনিরপেক্ষতার দীর্ঘ ঐতিহ্যঃ পশ্চিমে রেনেসাঁ, এনলাইটেনমেন্ট ও সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ধর্মকে ব্যক্তিগত বিশ্বাসের ক্ষেত্রে সীমিত করার একটি সামাজিক চুক্তি তৈরি হয়েছে। এই পরিবেশে ‘ধর্মকে সমালোচনা করা’ মানে ‘ব্যক্তিকে আক্রমণ করা’ নয়।
২. পরিচয়-বৈচিত্র্যঃ পশ্চিমা সমাজে মানুষের পরিচয় বহুস্তরীয় – পেশা, শখ, জাতীয়তা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। একটি পরিচয়ে আঘাত লাগলে অন্য পরিচয়ের উপর দাঁড়িয়ে থাকা যায়। বাংলাদেশে, বিশেষত নিম্ন-মধ্যবিত্ত মুসলিম পরিবেশে, ‘মুসলমান’ পরিচয়টি প্রায়ই একমাত্র মর্যাদার উৎস।
৩. বিতর্কের প্রাতিষ্ঠানিক সংস্কৃতিঃ পশ্চিমা শিক্ষাব্যবস্থায় critical thinking ও debate সরাসরি শেখানো হয়। শিশুকাল থেকেই ‘কেন?’ প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। বাংলাদেশে বিশেষত মাদরাসায় এবং সরকারি স্কুলে মুখস্থ-নির্ভর শিক্ষার কারণে প্রশ্ন করার সক্ষমতা তৈরি হয় না।
৪. বহুত্ববাদী অভিজ্ঞতাঃ একটি বহুত্ববাদী সমাজে মানুষ ভিন্নমতাবলম্বীদের সাথে বাস করে, কথা বলে, বন্ধুত্ব করে। এটি “তোমার ধর্ম ভুল মানে তুমি শত্রু” মনোভাব থেকে বের হতে সাহায্য করে।
হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষেরা কম আক্রমণাত্মক কেন?
এটি একটি সাধারণীকরণ – ব্যতিক্রম অবশ্যই আছে, বিশেষত হিন্দু জাতীয়তাবাদী (হিন্দুত্ব) আন্দোলনে। কিন্তু তুলনামূলকভাবে কম আগ্রাসনের একটি কারণ হতে পারে যে হিন্দুধর্ম ও বৌদ্ধধর্মের মধ্যে অভ্যন্তরীণ বিতর্কের দীর্ঘ ঐতিহ্য আছে। হিন্দুধর্মে নাস্তিক্যবাদী চার্বাক দর্শন, সংশয়বাদী ন্যায় দর্শন – এগুলো মূলধারার মধ্যেই ছিল। বৌদ্ধ দর্শনে প্রশ্নকে উৎসাহিত করা হয়।
‘জারজ’ গালিটি কেন বিশেষভাবে ব্যবহৃত হয়?
এই প্রশ্নটি সবচেয়ে প্রাসঙ্গিক এবং উত্তরটি বহুস্তরীয়।
স্তর ১ঃ ধর্মতাত্ত্বিক অস্ত্র
যেহেতু ইসলামি ফিকাহে ওয়ালাদ আল-যিনা একটি নিন্দনীয় শ্রেণি, তাই ‘জারজ’ বলে অভিহিত করার মধ্যে একটি ধর্মতাত্ত্বিক অভিশাপের মাত্রা আছে। সমালোচককে শুধু ভুল বলা হচ্ছে না, তাকে ধর্মীয়ভাবে কলঙ্কিত করা হচ্ছে।
স্তর ২ঃ পিতৃতান্ত্রিক সম্মান-কাঠামো
দক্ষিণ এশিয়ার পিতৃতান্ত্রিক সমাজে পরিবারের ‘ইজ্জত’ (সম্মান) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইজ্জত প্রধানত নারীর যৌনতার উপর নির্মিত। কাউকে ‘জারজ’ বলা মানে তার মায়ের যৌন চরিত্রকে আক্রমণ করা – যা পিতৃতান্ত্রিক সমাজে সর্বোচ্চ অপমান।
এই গালিটি তাই ধর্মীয় ও পিতৃতান্ত্রিক – দুটি ক্ষমতা-ব্যবস্থার সংযোগস্থলে দাঁড়িয়ে।
স্তর ৩ঃ প্রক্সি-আক্রমণ
সমালোচকের যুক্তিকে খণ্ডন করা সম্ভব না হলে তার পরিবারকে আক্রমণ করা হয়। এটি একটি মনোরক্ষার কৌশল – বিষয়বস্তু থেকে মনোযোগ সরিয়ে ব্যক্তির পরিচয়ে নিয়ে যাওয়া।
স্তর ৪ঃ গোষ্ঠী-সংহতির প্রদর্শন
অনলাইনে সার্বজনীনভাবে গালি দেওয়া আরেকটি কাজও করেঃ এটি একটি সংকেত পাঠায় যে “আমি তোমাদের (মুসলমানদের) পক্ষে”। গালিদাতা কখনো কখনো অন্যদের সামনে নিজেকে ধর্মের রক্ষক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে।
প্রবাসী প্রসঙ্গ – নিউইয়র্কে কেন একই আচরণ?
নিউইয়র্কের বাঙালি মুসলিম দোকানদারের উদাহরণটি বিশেষভাবে আলোকপাত করে প্রবাসী পরিচয়ের সংকটকে।
প্রবাসে এসে অনেক অভিবাসী একটি বিশেষ মনোবৈজ্ঞানিক চাপের মুখে পড়েনঃ নতুন সংস্কৃতিতে তাদের ভাষা, পেশা, সামাজিক মর্যাদা সব কিছুই পুনর্নির্মাণ করতে হয়। এই অস্থিরতার মধ্যে ধর্মীয় পরিচয়টি একমাত্র স্থায়ী, নিশ্চিত অবলম্বন হয়ে ওঠে।
তখন ধর্মের যেকোনো সমালোচনা তার পরিচয়ের শেষ আশ্রয়ে আঘাত হিসেবে অনুভূত হয়। প্রতিক্রিয়াটি অতএব অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে। আর স্বভাবজাত পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে নারীদের আক্রমন করে কথা বলাটা অনেকে পৌরষত্বের পরিচয় হিসাবে দেখে।
এই প্যাটার্ন শুধু বাঙালি মুসলিমদের নয় – বিভিন্ন প্রবাসী সম্প্রদায়ে, অন্য বিভিন্ন ধর্মেও একই রকম দেখা গেছে।
এই সংস্কৃতির মূল্য কত?
যারা হুমকি পান তাঁদের মূল্য
বাংলাদেশে অভিজিৎ রায়, রাজীব হায়দার সহ একাধিক মুক্তচিন্তক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শুধু গালিই নয়, গালি থেকে হুমকি, হুমকি থেকে হত্যা – এই চেইনটি বাস্তব।
একটি সমাজে যখন প্রশ্ন করা মানে জীবনের ঝুঁকি নেওয়া, তখন সেই সমাজ নিজের জ্ঞান-উৎপাদন ক্ষমতা হারায়। এবং ক্রমশ এই গালিবাজ, মগজহীন প্রজন্ম বাড়তেই থাকে। যার প্রমান আমরা দেখছি এখন। গত ২/৩ দশকে বাংলাদেশে এদের সংখ্যা, সংগঠন, আক্রোশ অনেক বেড়েছে।
মুসলিম সমাজের মূল্য
এই গালিগালাজ-সংস্কৃতি আসলে মুসলিম সমাজের নিজেরই ক্ষতি করছে। কারণঃ
১. এটি সংলাপের পথ বন্ধ করে দেয়, যার ফলে প্রকৃত ধর্মীয় জ্ঞানচর্চা থামে।
২. বাইরের মানুষদের কাছে ইসলামের একটি ভয়াবহ চিত্র তৈরি হয়।
৩. মুসলিম তরুণরা শেখে যে প্রশ্নের উত্তর গালিতে দেওয়া যায় – এটি তাদের বৌদ্ধিক বিকাশ রুদ্ধ করে।
পার্থক্য তৈরি হয় মর্যাদাবোধ থেকে
খ্রিস্টান, বৌদ্ধ ও হিন্দু সমালোচনার বিরুদ্ধে ইংরেজিভাষী বিতর্কে গালিগালাজ না থাকার কারণ সেই ধর্মগুলি ‘ভালো’ বলে নয়। কারণ হলো সেই সমাজে একটি দীর্ঘ চর্চা আছে যেখানে ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত পরিচয়কে আলাদা রাখা যায়, যেখানে ‘আমার ধর্ম ভুল হতে পারে’ বলার অর্থ ‘আমি মানুষ হিসেবে ব্যর্থ’ নয়।
বাঙালি মুসলিম সমাজে এই বিচ্ছেদটি (religion ≠ identity) এখনো ঘটেনি বেশিরভাগ মানুষের মনে। এবং যতদিন না ঘটবে, ততদিন ‘জারজ’ গালিটি থাকবে। বাঙালি মুসলমান এখনো বোঝে না যে কোন মতাদর্শ, তার প্রবক্তা, তাদের স্রষ্ঠা সবাইকে সমালোচনা করা, এমনকি মিথ্যা বলে সমালোচনা করাটাও মানুষের মৌলক বাক স্বাধীনতা যার স্বীকৃতি দেয় বিশ্বের অধিকাংশ দেশ।
যে মুসলিম গালি দেয়, সে নবীকে রক্ষা করছে না – সে তার নিজের ভয় ও অজ্ঞতাকে রক্ষা করছে।
এবং এই দুটির মধ্যে পার্থক্যটা বোঝাই হলো আসল শিক্ষার কাজ।
তথ্যসূত্র ও গ্রন্থপঞ্জি
মনোবিজ্ঞান ও সামাজিক গবেষণাঃ
- Swann, W. B. et al. (2009). “Identity Fusion: The Interplay of Personal and Social Identities in Extreme Group Behavior.” Journal of Personality and Social Psychology.
- Ozkan, M. et al. (2025). “Paths to peaceful and violent action: Identity fusion and group identification.” British Journal of Social Psychology.
- Wright, J. D. (2017). “Implications of Religious Identity Salience, Religious Involvement, and Religious Commitment on Aggression.” University of Western Ontario.
- Festinger, L. (1957). A Theory of Cognitive Dissonance. Stanford University Press.
বাংলাদেশ-বিষয়ক গবেষণাঃ
- Media Diversity Institute (2021). “Bangladesh Sees Rise in Disinformation, Hate Speech and Violence Against Religious Minorities.”
- LSE South Asia Blog (2023). “Blasphemy Laws and Human Rights of Religious Minorities in Bangladesh.”
- Rashid, S. B. et al. (2025). “ALERT: A benchmark Bengali dataset for identifying and categorizing religiously aggressive texts.” Data in Brief.
- Tandfonline (2021). “‘Secularism’ or ‘no-secularism’? A complex case of Bangladesh.”
ইসলামি আইনশাস্ত্রঃ
- Sujimon, M. S. “Implications and Consequences of Illegitimate Child (Walad Al-Zina) in Islamic Law: A Classical View.”
- Legal Service India (2025). “Status of an Illegitimate Child in Islam.”
- Wikipedia: “Blasphemy law in Bangladesh.”
Related Posts

Islam is said to permit treating non‑Muslim women as war captives and using or selling them as sex slaves
“I carry the wounds of 74 genocides and the lifelong burden of a million yearsRead More

ইসলামে বিধর্মী নারীদের গণিমতের মাল বানিয়ে যৌনদাসী হিসাবে ধর্ষণ করা, বিক্রি করা সম্পূর্ণ বৈধ!
“আমি ৭৪টি গণহত্যার ক্ষত এবং ১০ লক্ষ বছরের কান্নার আজন্ম ভার বয়ে বেড়াচ্ছি… আমি অন্যRead More

When someone within Islam talks about love for animals and nature, assume it is mere posturing
Whenever there is a festival in the country or the world, Islamic religious scholars startRead More

Comments are Closed