Sister
My Sister Neelima

My Sister Neelima

মানবিক সম্পর্কের জন্য কোন দেশ, ধর্ম, জাতীয়তা, বর্ণ, গোত্র, ভাষা লাগে না

আমার বোন নীলিমা, ইন্ডিয়ার অন্ধ্র প্রদেশে উনার বাড়ি। তেলুগু ভাষার পন্ডিত, এক জেলার শ্রেষ্ঠ হাইস্কুল শিক্ষিকা হিসাবে প্রায় প্রতিবছর পুরুষ্কার পান। এই শাড়িটি আমার দেয়া, ২০১৭ সালে তার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম। খুব সামান্য উপহার কিন্তু উনি খুব যত্ন করে পরেছিলেন।

২০১৬ সালে শিমলা থেকে মানালি যাওয়ার পথে উনার সঙ্গে আমার পরিচয়। উনারাসহ অনেকেই ছিলেন আমার ট্যুরমেট। এরপর আমাদের সম্পর্কটা এতোটাই ভাল হয়ে উঠে যে উনাকে কল দিলে উনি কাঁদতেন আমি তার বাড়িতে যাই না বলে। ২০১৭ সালে জুন মাসে আমি প্রায় দুই সপ্তাহ চিকনগুনিয়াতে ভুগে বেশ দূর্বল হয়ে গেছিলাম। ওদিকে আমার কলকাতা, গোয়া, কেরালা, এপি ট্যুর প্ল্যান সেট করা, অনেকগুলো প্লেনের টিকিট করা, হোটেল বুকিং দেয়া। বাধ্য হয়ে ভগ্ন শরীরে রওনা দিয়েছিলাম, যদিও বাধ্য যাত্রায় সেই শরীর সহ্য হয়ে গেছিল। কলকাতায় ছিলাম ঈদের দুইদিন আগে, নিউমার্কেটে দেখি রাত ২/৩ টা পর্যন্ত বাংলাদেশি মানুষের ভীড়, দাঁড়ানোর জায়গা নেই এমন, সবাই কেনাকাটায় ব্যস্ত। ঈদের দিন ছিলাম গোয়ায়, সেখানে অবশ্য ঈদের কোন চিহ্ন চোখে পড়েনি। এরপর কেরালা, সেখান থেকে এপি।

কোচি থেকে বিজয়ওয়াড়া এয়ারপোর্টে নামার পর দেখি আমার বোন নীলিমা ও তার স্বামী গাড়ি নিয়ে দাঁড়িয়ে, তিন ঘন্টার দূরত্ব থেকে তারা এসেছেন। আমার জন্য তারা এক সপ্তাহ ছুটি নিয়ে রেখেছেন। বাসায় গিয়ে দেখি আমার জন্য তাদের সবকিছু নতুন – বোতলের পানি, এসি, বেড, বেড কভার কত কিছু। এপি’র বিভিন্ন স্থান বিশেষ করে পাহাড় কেটে বৌদ্ধদের নির্মিত অপূর্বসব স্থাপত্যশৈলী দেখার সুযোগ হয়েছিল, অনেক ঐতিহাসিক মন্দির, পেলিক্যান ভরা একটা ওয়েটল্যান্ড… অনেক কিছুই। ফেরার দিন ছিল তাদের জন্য খুবই বেদনার।

এতোকিছু মনে পড়ছে এখন কারন এখন ভাইফোঁটা দেয়ার মৌসুম, রাখি বন্ধনের সময় সম্ভবত আগেই গেছে। উনারা খ্রিস্টান, প্রাকটিসিং খ্রিস্টান। উনাকে বলতাম উনি আমার গড, উনি অবশ্য আমাকে বোঝানোর চেষ্টা করতেন গড কত বড়, উনি তা নন! ২০১৬ না ১৭ তে দেখি আমার ঢাকার ঠিকানায় ইয়া বড় এক পার্সেল এসে হাজির! ইন্ডিয়ার এপি থেকে! খুলে দেখি রাখি, ইয়া বড় একটা হাতের কারুকাজ সংযোজিত কার্ড, হাতে লেখা চিঠি, আরো কী কী যেন ছিল – মনে নেই।

গত জুন মাসে মুমিন ভাইদের উপর্যুপরি রিপোর্টের মুখে লক্ষ লক্ষ রিচ হওয়া আগের ২০১০ সালের ফেসবুক হারানোর পরে উনার সঙ্গে আর যোগাযোগ নেই। এই ফেসবুক থেকে তাকে নক দিলেও সম্ভবত স্প্যাম ম্যাসেজ হয়ে যাওয়াতে উনার চোখে পড়ে না। বাংলাদেশের মোবাইল নাম্বার অন্য একজন উঠিয়ে নেয়াতে হোয়াটসএ্যাপের কন্টাকও নেই। ফেসবুকের হেল্প ডেক্স প্রতিনিধির সঙ্গে ফোনে কথা হয়েছিল কয়দিন আগে, উনারা আগের আইডি নতুন করে রিভিউ এর অপেক্ষায় রেখেছেন, আশা করি ফেরৎ পাবো।

উনাদের কোন সন্তান নেই, কয়বছর আগে এক নতুন বাড়ি কিনেছেন বা বানিয়েছেন, সেই বাড়িতে উনারা উঠেছেন আমার জন্মদিনে। ভিনদেশী এক মুক্তমনা, হিউম্যানিস্টের জন্য এটা অনেক বড় ভালবাসা ও সম্মানের প্রাপ্তি! উনার সঙ্গে আমার বয়সের পার্থক্য খুবই কম। উনি আমাকে বলেন উনি আমার সিস্টার, উনি আমার মম, সিস্টার-মম। দুনিয়ার অনেক সম্পর্ক আসলে শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না, এটাও তেমন। আমাদের দেশ আলাদা, ভাষা আলাদা, উনার ধর্ম আছে – খ্রিস্টান, মুসলিম পরিবারের হলেও আমার কোন ধর্ম নেই – কিন্তু মানবিক সম্পর্কের জন্য কোন দেশ, ধর্ম, জাতীয়তা, বর্ণ, গোত্র, ভাষা লাগে না।

বাংলাদেশে অন্য এক আপু আছেন, খুলনায়, ফেসবুকেই জানা। খুবই ধার্মিক, মাঝে মাঝে আমার লেখার কারনে আমাকে ব্লক দিতেন, আবার নিজেই রিকোয়েস্ট পাঠাতেন। কিন্তু একটা ব্যাপারে উনি দৃঢ় ছিলেন, আগের আইডিতে উনি ম্যাসেজ দিতেন প্রায়ই, উনার হাইস্কুলে পড়ুয়া একমাত্র মেয়ে বড় হলে আমার কাছে পাঠাবেন কানাডায়, উনার ধারনা আমি তার মেয়ের জন্য সুন্দর একটা নিরপদ পরিবেশ দিতে পারবো! একবার এক ছোট ভাইকে গ্রীষ্ম সিজনে আমের বিষয়ে রিকমেন্ড করার পর সে ৯৫০ মন আমের অর্ডার পেয়েছিল তিনদিনে! নাস্তিক, মানববাদী হলেও দেখি ধার্মিকরাও সততা ও নৈতিকতার প্রশ্নে আমাদের অনেককে আস্থায় রাখেন, ভালবাসেন! তারা জানেন, আমাদের ব্যক্তিত্বের এই এক বৈশিষ্ট্য – যে আমরা নিজের বিবেকের কাছে জবাবদিহি করি, তাদের অবচেতন মন বলে সেটা ধর্মের সৃষ্টিকর্তার কাছে জবাবদিহির চেয়ে শক্তিশালী।

Related Posts

My Sister Neelima

Human relationships do not require a particular country, religion, nationality, race, tribe, or language

My sister Neelima lives in Andhra Pradesh, India. She is a scholar of the TeluguRead More

Servant of God

The Trial of the Man Mr. Jamshed Who Said He Was Chosen by God Begins Today

As the boat touched the opposite bank, journalist Sazzad Hossain sensed that the village wasRead More

Servant of God

যাকে ঈশ্বর নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন – জামশেদের বিচার হবে আজ

নদীর ওপারে নৌকা ভিড়তেই সাংবাদিক সাজ্জাদ হোসেন টের পেলেন, গ্রামটা আজ অন্যরকম। ঘাটে মানুষের ভিড়Read More

Comments are Closed