
Does Islam’s sword always prevail?
ভারতে মুসলিম শাসনঃ তারা কি চাইলেই সবাইকে মুসলমান বানাতে পারতো?
ক্লাস সিক্স বা সেভেনে পড়ার সময় উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগীতায় প্রথম হয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘প্রথম আলো’ পুরুষ্কার পেয়েছিলাম। ইয়া বড় বই। তখন এই বইয়ের অনেক কিছুই ঠিকঠাক বুঝতাম না, তবে আজ অনেক বছর পরে উক্ত বইয়ের কিছু প্রসঙ্গ আমলে নিতে হচ্ছে। ‘প্রথম আলো’ কেবল একটি উপন্যাসের গল্প নয়, এটি পরাধীন ভারতের অন্ধকার ফুঁড়ে পরাধীনতার শৃঙ্খল ভাঙার এবং আধুনিক বাঙালি সংস্কৃতির বিকাশের এক মহাকাব্যিক দলিল। ভাগ্যিস সেই ছোট থাকতেই এসব বই পড়ার সুযোগ পেয়েছিলাম! আবার গোলাম আহমদ মুর্তজা রচিত ‘চেপে রাখা ইতিহাস’ জাতীয় অনেক বইও পড়ার সুযোগ হতো। সুতরাং দুই মেরুর দিকদর্শন থেকে আমার নিজের স্থিতি নির্ধারন করতে সুবিধা হয়েছিল।
অনেক মুসলিম মুমিন ভাই একটি বহুল প্রচলিত যুক্তি উপস্থাপন করেনঃ ভারতে মুসলিম শাসকরা শত শত বছর রাজত্ব করেছেন, কিন্তু জোরপূর্বক ইসলাম গ্রহণ করাননি, তারা চাইলে ভারতবর্ষে সবাইকে মুসলমান বানাতে পারতো – এটি ইসলামের “সহিষ্ণুতা”র প্রমাণ। এই দাবিটি ঐতিহাসিকভাবে যেমন অসম্পূর্ণ, তেমনি বিভ্রান্তিকরও। প্রশ্নটা হলো কেন করাননি তার উত্তর বের করার জন্য। বাস্তবতা হলো, ভারতীয় উপমহাদেশে ইসলামের বিস্তার শুরু হয়েছিল তরবারি, রক্ত, ধ্বংস এবং ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে। তারপরও কেন সম্পূর্ণ ইসলামীকরণ সম্ভব হয়নি – সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এখানকার রাজনীতি, অর্থনীতি, ভূগোল, সমাজ এবং মানুষের মনোবলের গভীরে।
ধ্বংস দিয়ে শুরু – মিথ ভাঙা
বখতিয়ার খিলজি ও নালন্দার ধ্বংস (১১৯৩ খ্রি.)
ভারতে মুসলিম সামরিক বিজয়ের সূচনালগ্নেই ঘটেছিল বিশ্বের সেরা জ্ঞানকেন্দ্রগুলির একটির সম্পূর্ণ বিনাশ। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির নালন্দা মহাবিহার ধ্বংস – যেখানে লক্ষাধিক পাণ্ডুলিপি পুড়িয়ে দেওয়া হয়েছিল, বৌদ্ধ সন্ন্যাসীদের হত্যা করা হয়েছিল – এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ইসলামের সম্প্রসারনবাদের একটি প্যাটার্নের অংশ।
মিনহাজ-উস-সিরাজের তাবাকাত-ই-নাসিরি গ্রন্থে এই অভিযানের বর্ণনায় স্পষ্ট – বখতিয়ার বিজিত অঞ্চলে ব্যাপক হত্যা ও লুটপাট করেছিলেন। ভিক্টোরিয়া সুসান বাড়লো এবং অন্যান্য আধুনিক ইতিহাসবিদরা এই ধ্বংসকে ভারতে বৌদ্ধধর্মের বিলুপ্তির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
মাহমুদ গজনভীঃ ধর্মীয় উদ্দেশ্যে লুণ্ঠন (৯৯৮–১০৩০ খ্রি.)
মাহমুদ গজনভী ভারতে সতেরোটি অভিযান পরিচালনা করেছিলেন। তাঁর দরবারি ঐতিহাসিক আল-বিরুনি নিজেই লিখেছেন যে মাহমুদের অভিযানের ফলে হিন্দুরা মুসলমানদের প্রতি চিরশত্রু হিসেবে বিবেচনা করতে শুরু করে।
সোমনাথ মন্দিরের ধ্বংস, সেখানে বিশ হাজারেরও বেশি হিন্দুর হত্যা, মূর্তি ভেঙে তার পাথর মসজিদের সিঁড়িতে বিছানো – এগুলি ছিল সুপরিকল্পিত ধর্মীয়-রাজনৈতিক কর্মসূচির অংশ।
তৈমুর লং ও হিন্দু নিধন (১৩৯৮ খ্রি.)
তৈমুর লং-এর দিল্লি অভিযান ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যার নথি। তাঁর নিজের রচিত তুজুক-ই-তৈমুরি গ্রন্থে স্বীকার করা হয়েছে যে দিল্লিতে প্রবেশের আগেই তিনি প্রায় এক লক্ষ হিন্দু বন্দিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, কারণ তাঁর মতে যুদ্ধক্ষেত্রে এতো বন্দি রাখা সম্ভব ছিল না।
ঐতিহাসিক রিয়াজুল ইসলাম (A Calendar of Documents on Indo-Persian Relations) এবং ইরফান হাবিব (Medieval India) উভয়ই এই গণহত্যার ব্যাপক মাত্রা নথিবদ্ধ করেছেন।
নাদির শাহ (১৭৩৯ খ্রি.)
পারস্যের নাদির শাহের দিল্লি লুণ্ঠনে মাত্র কয়েক ঘণ্টায় ত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। ময়ূর সিংহাসনসহ সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয়েছিল।
অর্থনৈতিক কারণ – অমুসলিম ছাড়া ইসলামি রাষ্ট্র অচল
জিজিয়া করঃ অমুসলিমের অর্থনৈতিক প্রয়োজনীয়তা
ইসলামি রাষ্ট্রব্যবস্থায় অমুসলিম প্রজারা যিম্মি (dhimmi) মর্যাদা পেত এবং তাদের উপর জিজিয়া কর আরোপিত হতো – মূলত নিজের ধর্ম পালনের “অনুমতির” বিনিময়ে কর।
ভারতে জিজিয়া ছিল রাজকোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। ঐতিহাসিক কে. এস. লাল (Muslim Slave System in Medieval India) দেখিয়েছেন যে দিল্লি সালতানাতের রাজস্বের একটি বড় অংশ আসত হিন্দু ও বৌদ্ধ প্রজাদের উপর আরোপিত করের মাধ্যমে। সকলকে মুসলমান করে দিলে এই রাজস্বের ধারাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যেত।
আওরঙ্গজেব ১৬৭৯ সালে জিজিয়া পুনরায় আরোপ করেছিলেন যা আগে আকবর তুলে দিয়েছিলেন। এই পদক্ষেপটি নিজেই প্রমাণ করে যে রাষ্ট্র অমুসলিম প্রজাদের উপর নির্ভরশীল ছিল।
দাস ব্যবস্থা ও গনিমতঃ যুদ্ধের অর্থনীতি
ইসলামি যুদ্ধনীতিতে গনিমত (যুদ্ধলব্ধ সম্পদ) এবং দাস-দাসী লাভ বৈধ। অমুসলিম শত্রু থেকেই এই সম্পদ আসে। ক্রমাগত যুদ্ধ ও বিজয়ের অর্থনীতি টিকিয়ে রাখতে হলে “কাফের” বা অমুসলিম শত্রুর অস্তিত্ব প্রয়োজন ছিল।
কে. এস. লাল দেখিয়েছেন, মাহমুদ গজনভীর প্রতিটি অভিযানে হাজার হাজার হিন্দু দাস-দাসী গজনীতে নিয়ে যাওয়া হতো এবং মধ্যপ্রাচ্যের বাজারে বিক্রি করা হতো। এই দাসবাণিজ্য পুরোটাই নির্ভর করত অমুসলিম জনগোষ্ঠীর অস্তিত্বের উপর।
কৃষি ও কর কাঠামো
মধ্যযুগীয় ভারতের অর্থনীতি ছিল কৃষিনির্ভর। হিন্দু কৃষক ও কারিগরদের উপর কর আরোপ করেই সালতানাত ও মুঘল সাম্রাজ্যের বিশাল সামরিক ও প্রশাসনিক ব্যয় মেটানো হতো। এদের ধর্মান্তরিত করলে করের ন্যায়সঙ্গত ভিত্তি হ্রাস পেত।
ভৌগোলিক ও রাজনৈতিক সীমাবদ্ধতা
ভারতের বিশালতা
ভারত উপমহাদেশের আয়তন ও জনসংখ্যার বিপরীতে মুসলিম শাসকদের লোকবল ছিল অত্যন্ত সীমিত। দিল্লি সালতানাতের কার্যকর নিয়ন্ত্রণ মূলত উত্তর ভারতের সমভূমিতে সীমাবদ্ধ ছিল। দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্য (১৩৩৬–১৬৪৬ খ্রি.) প্রায় তিনশো বছর হিন্দু প্রতিরোধের দুর্গ হিসেবে টিকে ছিল।
ঐতিহাসিক হারম্যান কুলকে ও ডিটমার রোদারমুন্ড (A History of India) উল্লেখ করেছেন যে মুঘলরা কখনো পুরো ভারতকে নিয়ন্ত্রণে আনতে পারেনি – রাজপুতানা, মারাঠা অঞ্চল, কেরালা এবং উত্তর-পূর্ব ভারতে তারা কার্যত অনুপস্থিত বা দুর্বল ছিল।
রাজপুত ও মারাঠা প্রতিরোধ
রাজপুতরা শতাব্দীর পর শতাব্দী সামরিক প্রতিরোধ বজায় রেখেছিল। মেওয়ারের মহারাণা প্রতাপ (১৫৭২-১৫৯৭) আকবরের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন। শিবাজী মহারাজ (১৬৩০-১৬৮০) মুঘল সাম্রাজ্যকে কার্যত বিভক্ত করে ফেলেছিলেন।
মারাঠা সাম্রাজ্যের উত্থান আওরঙ্গজেবের ধর্মান্ধ নীতিরই প্রতিক্রিয়া। আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য দ্রুত ভেঙে পড়ে – কারণ মারাঠারা তখন প্রায় সমগ্র ভারতে প্রভাব বিস্তার করেছিল।
পাহাড়, অরণ্য ও দুর্গম অঞ্চল
অনেক হিন্দু, বৌদ্ধ ও আদিবাসী জনগোষ্ঠী পাহাড়, অরণ্য এবং দুর্গম অঞ্চলে আশ্রয় নিয়েছিল যেখানে মুসলিম সেনাবাহিনীর পক্ষে প্রবেশ করা সম্ভব ছিল না। কেরালার নায়ার যোদ্ধারা, উড়িষ্যার আদিবাসী, হিমালয়ের পার্বত্য রাজ্যগুলি কখনো সম্পূর্ণ মুসলিম নিয়ন্ত্রণে আসেনি।
রাজনৈতিক বাস্তবতা – ধর্মের চেয়ে ক্ষমতা বড়
আকবরের নীতি ও “দ্বীন-ই-ইলাহী”
মুঘল সম্রাট আকবর (১৫৫৬-১৬০৫) বুঝেছিলেন যে বিশাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর উপর শাসন করতে হলে ধর্মীয় সহিষ্ণুতা অপরিহার্য। তিনি হিন্দু রাজপুত রাজকন্যাদের বিয়ে করেছিলেন, হিন্দু মনসবদারদের উচ্চপদে নিয়োগ দিয়েছিলেন এবং জিজিয়া কর তুলে দিয়েছিলেন।
তিনি “দ্বীন-ই-ইলাহী” নামে একটি সংমিশ্রণমূলক ধর্মমত প্রবর্তনের চেষ্টা করেছিলেন যা ইসলাম, হিন্দুধর্ম, খ্রিস্টধর্ম ও জরথ্রুস্টবাদ থেকে উপাদান গ্রহণ করেছিল। এটি ব্যাপক ধর্মপ্রচারের বদলে রাজনৈতিক একীকরণের কৌশল ছিল।
মুঘল সম্রাটদের বিলাসিতা ও অগ্রাধিকার
মুঘল দরবার ছিল রাজকীয় বিলাসের কেন্দ্র। যখন ইউরোপে অক্সফোর্ড, কেম্ব্রিজ, সোরবন বিশ্ববিদ্যালয় গড়ে উঠছিল, তখন শাহজাহান স্ত্রীর স্মৃতিতে তাজমহল নির্মাণে বিপুল সম্পদ ব্যয় করছিলেন। ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ উল্লেখ করেছেন যে তাজমহলের নির্মাণ চলাকালীন দাক্ষিণাত্যে ভয়াবহ দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল।
সম্রাটরা ধর্মপ্রচারে নয়, সিংহাসন রক্ষায়, উত্তরাধিকার যুদ্ধে এবং ভোগবিলাসে মগ্ন ছিলেন।
আওরঙ্গজেবঃ ধর্মান্ধতার বিপরীত ফল
আওরঙ্গজেব (১৬৫৮-১৭০৭) কঠোর সুন্নি ইসলামি নীতি গ্রহণ করেছিলেন – জিজিয়া পুনরায় আরোপ, হিন্দু মন্দির ধ্বংস, সংগীত নিষিদ্ধ এমন অনেক সিদ্ধান্ত দিয়েছিলেন। কিন্তু এই নীতির ফলাফল ছিল বিপরীতঃ মারাঠাদের উত্থান, রাজপুত বিদ্রোহ, শিখদের সশস্ত্র প্রতিরোধ। আওরঙ্গজেবের মৃত্যুর পঞ্চাশ বছরের মধ্যে মুঘল সাম্রাজ্য ভেঙে পড়ে।
সুফিবাদ – শান্তিপূর্ণ প্রচার, কিন্তু সীমিত প্রভাব
সুফিদের ভূমিকা
ভারতে ইসলামের বিস্তারে সুফি সাধকদের ভূমিকা অনস্বীকার্য। চিশতি, কাদিরি, সুহরাওয়ার্দি এবং নকশবন্দি তরিকার সুফিরা সাধারণ মানুষের কাছে পৌঁছেছিলেন। ভক্তিমূলক আধ্যাত্মিকতা, সংগীত (কাওয়ালি), এবং সমতার বার্তা নিম্নবর্ণের হিন্দুদের আকৃষ্ট করেছিল।
তবে ইতিহাসবিদ রিচার্ড ইটন (Sufis of Bijapur, The Rise of Islam on the Bengal Frontier) সতর্ক করেছেন যে সুফিদের ভূমিকাকে অতিরঞ্জিত করা ঠিক নয়। অনেক সুফি শাসকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন এবং রাজনৈতিক প্রয়োজনেও ধর্মপ্রচার করতেন।
বর্ণব্যবস্থার হতাশা ও ধর্মান্তরণ
হিন্দু সমাজের কঠোর বর্ণব্যবস্থায় নিম্নবর্ণের মানুষ যারা শতাব্দীর পর শতাব্দী অপমান ও বৈষম্যের শিকার হয়েছিলেন, তাদের একটি অংশ ইসলামের সমতার আদর্শে আকৃষ্ট হয়েছিলেন। বাংলায়, বিশেষত, নিম্নবর্ণের কৃষকদের মধ্যে ইসলাম গ্রহণের হার বেশি ছিল।
তবে এটি সম্পূর্ণ স্বেচ্ছামূলক ছিল না – অর্থনৈতিক চাপ, করের বোঝা এবং সামাজিক মুক্তির আকাঙ্ক্ষা একসাথে কাজ করেছিল।
মানুষের মনোবল ও পরিচয়ের শক্তি
ইহুদিদের দৃষ্টান্ত
নবী মুহাম্মদের সময়ে মদিনায় বনু কাইনুকা, বনু নাদির ও বনু কুরাইজা গোত্রের ইহুদিরা ব্যাপক হত্যা, নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন – বিতাড়ন, সম্পদ বাজেয়াপ্ত এবং পুরুষদের গণহত্যা কতভাবে নির্যাতিত হয়েছিলেন তারা। কিন্তু ধর্ম পরিত্যাগ করেননি। জিজিয়া কর দিয়েছেন, দেশ ছেড়ে গেছেন, মৃত্যু বরণ করেছেন – তবুও বিশ্বাস ত্যাগ করেননি।
ধর্মীয় পরিচয়ের এই অবিচলতা মানব মনোবিজ্ঞানের একটি গভীর সত্য – মানুষ চরম বিপদেও তার মূল ধর্মীয় পরিচয় ধরে রাখতে চায়। ভারতেও ঠিক একইভাবে দৃঢ়চেতা হিন্দু, বৌদ্ধ, আদিবাসীরা তাদের নিজ নিজ ধর্মমত ধরে রাখতে সংকল্পবদ্ধ ছিলেন। হত্যা, নির্যাতনেও তারা তাদের ব্যক্তিত্ব ধরে রেখেছিলেন।
পারসিদের (জরথ্রুস্টবাদী) উদাহরণ
সপ্তম শতাব্দীতে আরব মুসলিমরা পারস্য জয় করার পর পারসিকদের উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়। একটি বড় অংশ ভারতে পালিয়ে এসে গুজরাটে আশ্রয় নেন – তারাই আজকের পার্সি জনগোষ্ঠী। ভারতে তারা ১৩০০ বছরেরও বেশি সময় ধরে জরথ্রুস্টবাদ পালন করে আসছেন। মুসলিম শাসনের অধীনে থেকেও ধর্ম পরিত্যাগ করেননি।
স্পেনের তুলনা (আন্দালুসিয়া)
৭১১ থেকে ১৪৯২ সাল পর্যন্ত স্পেনের বড় অংশ মুসলিম শাসনে ছিল। কিন্তু স্পেনের জনগণ সম্পূর্ণরূপে ইসলাম গ্রহণ করেনি। উত্তর স্পেনে খ্রিস্টান রাজ্যগুলি টিকে ছিল এবং ধীরে ধীরে রেকনকিস্তা (পুনরুদ্ধার) সম্পন্ন করেছিল।
এগুলো প্রমাণ করে যে দীর্ঘমেয়াদি মুসলিম শাসনও সর্বাত্মক ধর্মান্তরকরণের গ্যারান্টি নয়। ইসলাম ও ইসলামী শাসকেরা নিজেদের টিকে থাকার স্বার্থেও তাদের নিজেদের র্যাডিক্যাল অবস্থান থেকে সরে আসতে বাধ্য হন।
সামরিক ও প্রশাসনিক সীমাবদ্ধতা
শাসন পরিকাঠামোর অভাব
মধ্যযুগীয় মুসলিম শাসকদের কাছে গণ-ধর্মান্তরণের জন্য প্রয়োজনীয় আধুনিক প্রশাসনিক পরিকাঠামো ছিল না। জনগণের তালিকা রাখা, নিয়মিত তদারকি করা এবং বিশাল অঞ্চলে ধর্মীয় নিয়ম কার্যকর করা – এগুলি তৎকালীন প্রযুক্তি ও প্রশাসনিক সক্ষমতায় সম্ভব ছিল না।
সুলতান থেকে সুলতানে ক্ষমতার পরিবর্তন
দিল্লি সালতানাতে বারবার রাজবংশ পরিবর্তন হয়েছে – মামলুক, খিলজি, তুঘলক, সাইয়িদ, লোদি। প্রতিটি পরিবর্তনে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াই ছিল। বাইরের হুমকি মোকাবেলায় তারা হিন্দু সামন্তদের সহায়তা নিতে বাধ্য হতেন।
হিন্দু মনসবদার ও রাজপুত সেনা
মুঘল সেনাবাহিনীতে বহু হিন্দু রাজপুত সেনাপতি ছিলেন। আকবরের সেনাপতি মানসিংহ ছিলেন রাজপুত। এই হিন্দু সহযোগিতা ছাড়া মুঘল সাম্রাজ্যের ভরণপোষণ সম্ভব ছিল না। হিন্দুদের ইসলাম গ্রহণে বাধ্য করলে এই রাজনৈতিক জোট ভেঙে পড়ত।
সংস্কৃতির শক্তি ও প্রতিরোধ
হিন্দু ধর্মের নমনীয়তা ও অভিযোজন ক্ষমতা
হিন্দুধর্মের কোনো কেন্দ্রীয় সংগঠন বা পোপতন্ত্র নেই যাকে আক্রমণ করে পুরো ধর্মকে উৎখাত করা যায়। স্থানীয় মন্দির, গুরু, লোকাচার এবং পারিবারিক ঐতিহ্যের মাধ্যমে ধর্মপ্রচার টিকে থাকে। এক মন্দির ভাঙলে অন্য জায়গায় উপাসনা চলে। একজন গুরুকে হত্যা করলে অন্যজন আসেন। অঞ্চলভেদে ধর্মীয় আচার, লোকাচার অনেক ভিন্ন। কোনটা রেখে কোনটা বন্ধ করবে?
ভক্তি আন্দোলনের সাধকরা – কবীর, মীরাবাই, তুকারাম, চৈতন্য মহাপ্রভু – নিপীড়নের মুখেও হিন্দু ও বৌদ্ধ আধ্যাত্মিকতার শিখা জ্বালিয়ে রেখেছিলেন। এই ভক্তি আন্দোলন একদিকে যেমন সুফিবাদের সাথে সংলাপ করেছে, অন্যদিকে হিন্দু পরিচয়কে পুনরুজ্জীবিত করেছে।
শিখ ধর্মের প্রতিরোধী পরিচয়
শিখ ধর্মের উৎপত্তি আংশিকভাবে মুসলিম শাসনের প্রতিক্রিয়া হিসেবেও বিশ্লেষণ করা হয়। গুরু তেগ বাহাদুরকে আওরঙ্গজেব ইসলাম গ্রহণ না করলে মৃত্যুদণ্ড দেন। তিনি মৃত্যু বরণ করলেন, কিন্তু ধর্ম ত্যাগ করলেন না। এরপর গুরু গোবিন্দ সিং শিখদের খালসা (সশস্ত্র ধর্মীয় সম্প্রদায়) হিসেবে পুনর্গঠিত করেন।
তুলনামূলক দৃষ্টিভঙ্গি
আরব বিশ্বে ইসলামীকরণ কেন সম্পূর্ণ হয়েছিল?
আরব উপদ্বীপ, পারস্য, মিশর, উত্তর আফ্রিকায় ইসলামীকরণ তুলনামূলকভাবে বেশি সফল হয়েছিল, কারণঃ
১. ওসব অঞ্চল ভারতের তুলনায় ছোট এবং সামরিকভাবে নিয়ন্ত্রণ সহজতর ছিল।
২. ওখানে হিন্দুধর্মের মতো গভীরে প্রোথিত বহুস্তরীয় সাংস্কৃতিক পরিচয় ছিল না।
৩. খ্রিস্টান বাইজেন্টাইন ও জরথ্রুস্টবাদী পারসিক – উভয়েরই কেন্দ্রীয় কাঠামো ছিল যা একবার ভাঙলে পুরো সংগঠন দুর্বল হয়ে পড়ত।
৪. আরব বিজয়ের গতি ছিল অত্যন্ত দ্রুত – স্থানীয় প্রতিরোধের সময় পাওয়ার আগেই অঞ্চল দখল সম্পন্ন। বেশিরভাগ ক্ষেত্রেই ইসলাম ছিল আগ্রাসী, আগ বাড়িয়ে জিহাদ, যুদ্ধ করেছে।
ভারতে এই কারণগুলির কোনোটিই সমানভাবে প্রযোজ্য ছিল না।
বাংলাদেশ ও পাকিস্তানঃ আংশিক ইসলামীকরণের ফসল
আজকের বাংলাদেশ ও পাকিস্তানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে যে ইসলামীকরণের প্রক্রিয়া কিছুটা হলেও সফল হয়েছিল – তবে সম্পূর্ণ নয়। রিচার্ড ইটনের গবেষণা (The Rise of Islam and the Bengal Frontier) দেখিয়েছে যে বাংলায় ইসলামের বিস্তার মূলত জমিদারি ব্যবস্থা, কৃষি সম্প্রসারণ এবং সুফি কার্যক্রমের মাধ্যমে হয়েছিল – নিছক তরবারির মাধ্যমে নয়।
ইসলামের তথাকথিত “সহিষ্ণুতার” মিথ খণ্ডন
যুক্তির মূল ভ্রান্তি
“মুসলিম শাসকরা চাইলে সবাইকে মুসলমান করতে পারতেন, কিন্তু করেননি – এটি সহিষ্ণুতার প্রমাণ” – এই যুক্তিটি একটি মৌলিক ত্রুটিতে আক্রান্ত। এটি ধরে নেয় যে না করার কারণ ছিল নৈতিক সিদ্ধান্ত, কিন্তু বাস্তবে কারণগুলি ছিল কার্যত ব্যর্থতা ও বাধ্যবাধকতার ফলাফল।
আপনি যদি কাউকে হত্যা করতে চান কিন্তু সক্ষম না হন, তাহলে সেটিকে আপনার সহিষ্ণুতা বলা যায় না। এখানে ইসলামের কোন সৌন্দর্য্য নেই, ইসলাম এখানে তার তরবারির সাম্রাজ্য চালাতে ব্যর্থ হয়েছিল। এখানেই সেই প্রথম প্রশ্ন ‘কেন করাননি’ এর উত্তর।
উইল ডুরান্টের পর্যবেক্ষণ
বিখ্যাত ইতিহাসবিদ উইল ডুরান্ট The Story of Civilization গ্রন্থে মন্তব্য করেছেন যে ভারতে মুসলিম শাসন ছিল ইতিহাসের অন্যতম রক্তাক্ত অধ্যায়।
কে. এস. লাল এবং জনসংখ্যা গবেষণা
ভারতীয় ঐতিহাসিক কে. এস. লাল তাঁর Growth of Muslim Population in Medieval India গ্রন্থে দাবি করেছেন যে দিল্লি সালতানাতের আমলে (১০০০-১৫২৫) ভারতের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল – যুদ্ধ, গণহত্যা, দুর্ভিক্ষ ও দাসত্বের কারণে। তাঁর সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও মৃত্যুর ব্যাপকতা অস্বীকার করা কঠিন।
ইসলাম পারেনি বলেই করেনি – সহজ হিসাব!
ভারতে মুসলিম শাসকরা সবাইকে মুসলমান বানাতে পারেননি – এর পেছনে সহিষ্ণুতার কোনো নৈতিক আদর্শ নয়, বরং ছিল বহুবিধ বাস্তব বাধাঃ
অর্থনৈতিকঃ অমুসলিম ছাড়া জিজিয়া নেই, দাসবাণিজ্য নেই, গনিমত নেই।
ভৌগোলিকঃ ভারতের বিশালতা ও বৈচিত্র্য সম্পূর্ণ নিয়ন্ত্রণ অসম্ভব করেছিল।
সামরিকঃ রাজপুত, মারাঠা, শিখ এবং অন্যান্য শক্তির সশস্ত্র প্রতিরোধ।
রাজনৈতিকঃ হিন্দু সামন্ত ও সেনাপতিদের সহযোগিতা ছাড়া সাম্রাজ্য চালানো অসম্ভব ছিল।
সাংস্কৃতিকঃ হিন্দু ধর্ম ও সংস্কৃতির গভীরতা এবং অভিযোজন ক্ষমতা।
মানবিকঃ মানুষের পরিচয়, ব্যক্তিত্ব, মনোবল ও ধর্মীয় আত্মসম্মানবোধ – যা ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে।
মুসলিম শাসকরা সবাইকে মুসলমান করেননি – কিন্তু অনেকক্ষেত্রে পারেননি এবং যেখানে পেরেছেন, করেছেনও। ইসলামের নীতিই হলো তরবারি দিয়ে সম্প্রসারন, কিন্তু সেটা যে সবখানে বিজয়ী হবে – সেই ধারনা অমূলক। এই পার্থক্যটি বোঝা ইতিহাসের সৎ পাঠের জন্য অপরিহার্য।
ইতিহাস কোনো একটি গোষ্ঠীর অপরাধের তালিকা নয়, আবার কোনো শাসকগোষ্ঠীর মহিমাকীর্তনের বইও নয়। ইতিহাস হলো মানুষের সংগ্রাম, ব্যর্থতা ও বেঁচে থাকার জটিল গল্প – যা নিরপেক্ষ দৃষ্টিতে পাঠ করাই প্রকৃত জ্ঞানের পথ। মুমিন ভাইরা আবার সেই নিরপেক্ষতার পথা মাড়ান না। তাদের কাছে ইতিহাস মানে ‘চেপে রাখা ইতিহাস’ বইয়ের মতো ইতিহাসই সবকিছু। সেটা না মানলে তাদের অনেকে চাপাতি হাতে তেড়ে আসেন।
তথ্যসূত্র ও আরও পাঠের জন্য
- ইরফান হাবিব — মধ্যযুগীয় ভারতের ইতিহাস (অনুবাদ)
- সুনীল গঙ্গোপাধ্যায় — প্রথম আলো (উপন্যাস, ঐতিহাসিক প্রেক্ষাপট)
- আহমদ শরীফ — বাঙালী ও বাঙলা সাহিত্য (মধ্যযুগ অধ্যায়)
- K. S. Lal — Muslim Slave System in Medieval India (1994)
- K. S. Lal — Growth of Muslim Population in Medieval India (1973)
- Richard Eaton — The Rise of Islam and the Bengal Frontier (1993)
- Richard Eaton — India in the Persianate Age (2019)
- Hermann Kulke & Dietmar Rothermund — A History of India (2004)
- Vincent Smith — The Oxford History of India
- Will Durant — The Story of Civilization, Vol. 1: Our Oriental Heritage (1935)
- Al-Biruni — Kitab ul-Hind (কিতাব উল-হিন্দ)
- Minhaj-us-Siraj — Tabaqat-i-Nasiri
- Timur’s autobiography — Tuzuk-i-Timuri
- Audrey Truschke — Aurangzeb: The Life and Legacy of India’s Most Controversial King (2017)
Related Posts

Muslim rule in India: Could they have converted everyone to Islam if they wanted to?
When I was in class six or seven, I won first place in an upazila‑levelRead More

Do scientists read the Qur’an, did Einstein read it? How accurate are the claims made by the clerics?
Banggu Mollah so called Dr. Enayetullah Abbasi claims that Einstein (in his pronunciation “Ainostein”) usedRead More

বিজ্ঞানীরা কি কোরআন পড়েন, আইনস্টাইন পড়তেন? মোল্লাদের দাবী কতটুকু সঠিক?
বাঙ্গু মোল্লা খামোখা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী দাবী করেন, আইনস্টাইন (তার উচ্চারনে আইনোস্টাইন) সবচেয়ে বেশি কোরআনRead More

Comments are Closed